বেবিচকের এভসেক বিভাগের উদ্যোগে প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ বিমান নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে।
বিজ্ঞাপন
৩ ও ৪ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই কর্মশালায় বিমানবন্দর নিরাপত্তা কর্মসূচি (এভিএসপি) এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম–কন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচ (ইউএসএপি-সিএমএ) প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।
বেবিচক সদর দপ্তরে আয়োজিত কর্মশালায় দেশের ৮টি বিমানবন্দরের প্রতিনিধিরা অংশ নেন। এতে বিমানবন্দরগুলোর নিরাপত্তা কার্যক্রম আরও সুসংগঠিত করা এবং সংশ্লিষ্ট নীতিমালা সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা বাড়ানো হয়।
বিজ্ঞাপন
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপপরিচালক (চিফ এভসেক ইন্সপেক্টর) ও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার অডিটর এবং সনদপ্রাপ্ত প্রশিক্ষক মো. আলমগীর।
এছাড়া উপস্থিত ছিলেন পরিচালক (এভসেক নীতি ও সনদায়ন) ইফতেখার জাহান হোসেন, সিনিয়র পরামর্শক গ্রুপ ক্যাপ্টেন (অব.) খান শাহীনুল বারী, সহকারী পরিচালক (এভসেক নীতি) আবদুল্লাহ আল-মাহমুদ, সহকারী পরিচালক (এভসেক প্রশিক্ষণ) শারমিন খানম এবং নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।
বিজ্ঞাপন
কর্মশালায় বেবিচক প্রণীত ‘মডেল এভিএসপি চেকলিস্ট’-এর বিভিন্ন ধাপ উপস্থাপন করা হয়, যা বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিকল্পনা, হালনাগাদ এবং অনুমোদন প্রক্রিয়া সহজ করবে। মোট ৪০ জন কর্মকর্তা এতে অংশ নেন।
জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কর্মসূচি (এনসিএএসপি) অনুযায়ী প্রতিটি বিমানবন্দরের জন্য লিখিত নিরাপত্তা কর্মসূচি প্রণয়ন ও বেবিচকের অনুমোদন বাধ্যতামূলক। এ প্রেক্ষাপটে এই উদ্যোগ নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করবে বলে জানানো হয়।
প্রধান অতিথি বলেন, নিরাপত্তা কর্মসূচি নিয়মিত হালনাগাদ করলে বিমানবন্দরের মান নিয়ন্ত্রণ সহজ হবে এবং আসন্ন আন্তর্জাতিক অডিটে মানদণ্ড পূরণে সহায়তা করবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আগামী ২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত বাংলাদেশে বিমান নিরাপত্তা অডিট পরিচালনা করবে। ২০১৮ সালের পর এবারই প্রথম বড় ধরনের এই অডিট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর আগে ৫, ৬ ও ৭ এপ্রিল ২০২৬ তারিখে বেবিচক ৩৬টি বিদেশি এয়ারলাইন্সের ৬৫ জন প্রতিনিধির অংশগ্রহণে সাপ্লিমেন্টারি স্টেশন প্রসিডিউর (এসএসপি) বিষয়ক তিনটি কর্মশালা আয়োজন করে।








