Logo

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি, যাচ্ছে ১২তম শিপমেন্ট

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ মে, ২০২৬, ১৯:০৫
পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি, যাচ্ছে ১২তম শিপমেন্ট
ফাইল ছবি।

দেশীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও শক্ত অবস্থান তৈরি করছে বাংলাদেশের বহুজাতিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। উন্নত মানের পণ্য উৎপাদনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতাদের আস্থা অর্জনের পাশাপাশি তৈরি হচ্ছে নতুন নতুন রপ্তানি গন্তব্য। এরই ধারাবাহিকতায় ওয়ালটন টেলিভিশনের অন্যতম সম্ভাবনাময় রপ্তানি বাজারে পরিণত হয়েছে পূর্ব-তিমুর।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরে ওয়ালটন টিভির ১২তম শিপমেন্ট বা চালান উদ্বোধন করা হয়েছে। ইতোমধ্যে ওয়ালটনের টিভি পণ্যবোঝাই কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করে পূর্ব-তিমুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী বলেন, বর্তমানে এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার ৫৫টিরও বেশি দেশে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য রপ্তানি হচ্ছে। তিনি জানান, পূর্ব-তিমুরে টিভি রপ্তানি বাংলাদেশের তৈরি অন্যান্য ওয়ালটন পণ্যের বাজার সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এটিকে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার সৌরভ আক্তার বলেন, টেলিভিশন উৎপাদনে ওয়ালটন কঠোরভাবে গুণগত মান নিয়ন্ত্রণ করে থাকে। পূর্ব-তিমুরে টিভি রপ্তানির ফলে এশিয়ার অন্যান্য দেশেও ওয়ালটনের ব্যবসা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হয়েছে। তিনি আরও বলেন, ইউরোপীয় ডিজাইন ও আন্তর্জাতিক মান বজায় রেখে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ওয়ালটন টিভি খুব অল্প সময়েই বিদেশি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

তার ভাষ্য মতে, উন্নত পিকচার কোয়ালিটি, উচ্চমান, সাশ্রয়ী মূল্য এবং ইউরোপীয় স্ট্যান্ডার্ডের ডিজাইন ও ফিচারের কারণে বিশ্ববাজারে ওয়ালটন টিভির প্রতি ক্রেতাদের আস্থা দ্রুত বাড়ছে। পাশাপাশি সময়োপযোগী বিপণন কৌশলও এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিজ্ঞাপন

বর্তমানে ওয়ালটন টেলিভিশনের সবচেয়ে বড় রপ্তানি বাজার ইউরোপ। জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, পোল্যান্ড, স্পেন, ইতালি, রোমানিয়া, ডেনমার্ক ও নেদারল্যান্ডসহ ইউরোপের এক ডজনের বেশি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি। এসব দেশে ওইইএম উৎপাদনের পাশাপাশি ওয়ালটন ব্র্যান্ডের নিজস্ব লোগো ব্যবহার করেও টেলিভিশন সরবরাহ করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, ওয়ালটনের মোট টিভি রপ্তানি আয়ের প্রায় ৯৫ শতাংশই আসে ইউরোপীয় বাজার থেকে। তবে শুধু ইউরোপ নয়, এশিয়া ও আফ্রিকার বাজারেও দ্রুত সম্প্রসারণ ঘটছে ওয়ালটন টিভির। বর্তমানে পূর্ব-তিমুর ছাড়াও শ্রীলঙ্কা, সোমালিয়া, ভুটান ও লিবিয়াসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটনের টেলিভিশন পণ্য।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD