এলজিইডিতে আইইউটি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপি প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রোগ্রামের আওতায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সিভিল ও এনভায়রনমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের ২৫ শিক্ষার্থীর অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সদর দপ্তরের চতুর্থ তলার সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন জলবায়ু সহনশীল স্থানীয় অবকাঠামো কেন্দ্রের আওতায় চলমান বিভিন্ন কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তনসংক্রান্ত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন তথ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়।
প্রশিক্ষণটি উদ্বোধন করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিক এর পরিচালক কাজী সাইফুল কবীর। এসময় এলজিইডির সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণ ইউনিটের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুস সবুর উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল ও ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার স্পেশালিস্ট সাদেকুর রহমান ভূইয়া।








