Logo

নির্বাচনে অংশ নিতে বাধা নেই বিএনপির তিন প্রার্থীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১১
নির্বাচনে অংশ নিতে বাধা নেই বিএনপির তিন প্রার্থীর
ছবি: সংগৃহীত

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে করা আপিলের শুনানি শেষ হওয়ায় ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনগত বাধা থাকছে না মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে সংশ্লিষ্ট লিভ টু আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এর আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার জজ আদালত এসব আবেদনের শুনানির দিন ধার্য করেছিলেন। ঢাকা-১১ আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগ তুলে তার প্রার্থিতা স্থগিত চেয়ে গত ২ ফেব্রুয়ারি একটি রিট করা হয়।

তবে ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট ওই রিট সরাসরি খারিজ করে দেন। পরে ৫ ফেব্রুয়ারি সেই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করা হলেও আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে শুনানি নির্বাচনের পর অনুষ্ঠিত হবে। ফলে আপাতত কাইয়ুমের প্রার্থিতায় কোনো বাধা নেই।

বিজ্ঞাপন

কুমিল্লা-৩ আসনে বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছিলেন। তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে করা আপিল নির্বাচন কমিশন খারিজ করে দেয়। পরে হাইকোর্টেও আবেদনটি নাকচ হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে করা লিভ টু আপিলও মঙ্গলবার আপিল বিভাগ খারিজ করে দেন।

বগুড়া-১ আসনে বিএনপি প্রার্থী কাজী রফিকুল ইসলামের মনোনয়নপত্রও রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেন। ঋণখেলাপির অভিযোগে করা আপিলগুলো পরে প্রত্যাহার করা হয়।

এরপর একই আসনের এক প্রার্থীর করা রিট হাইকোর্ট খারিজ করলে তার বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়। আপিল বিভাগ এ মামলার শুনানি নির্বাচনের পর গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

এর ফলে তিনটি আসনেই বিএনপির এই তিন প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনি প্রতিবন্ধকতা রইলো না।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD