প্রসিকিউটররা অনিয়ম-দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, কোনো প্রসিকিউটর বা সংশ্লিষ্ট কর্মকর্তা অনিয়ম বা দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই ঘোষণা দেন।
বিজ্ঞাপন
চিফ প্রসিকিউটর বলেন, “আমার দায়িত্বে ট্রাইব্যুনাল সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে পরিচালিত হবে। এখানে আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করা হবে। অন্য কোনো অনিয়ম বা রাজনৈতিক প্রভাব আমরা মেনে নেব না।”
তিনি আরও বলেন, “আমরা চাই ট্রাইব্যুনাল যেন সম্পূর্ণ আইনমাফিকভাবে পরিচালিত হয়। বিচার প্রক্রিয়ার গতি বাড়ানো এবং স্বচ্ছতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বর্তমানে আমরা প্রসিকিউশন টিমের সঙ্গে আলোচনা করেছি যাতে মামলা দ্রুত নিষ্পত্তি হয়।”
বিজ্ঞাপন
চিফ প্রসিকিউটর জানিয়ে দেন, ইতিমধ্যে ২৪টি মামলায় ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। এর মধ্যে ২১টির বিচার দুই ট্রাইব্যুনালে চলছে। তবে এই মামলাগুলোর বিস্তারিত তিনি এখনও পর্যালোচনা করেননি। সব তথ্য যাচাইয়ের পর যদি কোনো ত্রুটি বা তদন্তের অবহেলা ধরা পড়ে, আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
অপরাধীদের বিচারের দিকে জোর দিয়ে তিনি বলেন, “আমাদের লক্ষ্য হবে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা। কোনো নিরপরাধ ব্যক্তি বা রাজনৈতিকভাবে হয়রানির জন্য কোনো পদক্ষেপ নেওয়া হবে না।”
বিজ্ঞাপন
তিনি আরও জানান, নবনিযুক্ত চিফ প্রসিকিউটরের দায়িত্ব গ্রহণের পর সকালেই তিনি ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে জুলাই-আগস্ট আন্দোলনের মামলাসহ ট্রাইব্যুনালের সার্বিক কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।








