Logo

প্রতারণা মামলায় গ্রেপ্তারের একদিন পর জামিন পেলেন নোবেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:২৮
প্রতারণা মামলায় গ্রেপ্তারের একদিন পর জামিন পেলেন নোবেল
ছবি: সংগৃহীত

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রাখা, হেনস্তা, আপত্তিকর ছবি তোলার চেষ্টা এবং প্রায় ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারের একদিন পর জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ আপসের শর্তে তার জামিন মঞ্জুর করেন। এর আগে সোমবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে বাদী ও আসামির মধ্যে সমঝোতার সম্মতির ভিত্তিতে এক হাজার টাকা মুচলেকায় আগামী ২ এপ্রিল পর্যন্ত জামিন দেন বিচারক।

দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। শুনানির সময় মামলার বাদী আনাননিয়া শবনম রোজ (অনন্যা) আদালতে উপস্থিত ছিলেন। বিচারক আপসের বিষয়ে জানতে চাইলে উভয় পক্ষ ইতিবাচক মত দেন। নোবেলের আইনজীবী মো. রানা শেখ সমঝোতার বিষয়টি তুলে ধরে জামিন আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

আদালত কক্ষে এক পর্যায়ে নোবেল বাদীর সঙ্গে কথা বলেন। ওকালতনামায় স্বাক্ষর করার আগে তিনি অনন্যার মতামত জানতে চান। সম্মতি পাওয়ার পর তিনি স্বাক্ষর করেন। জামিনের আদেশ ঘোষণার পর তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়।

বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম জানান, গত ২ ফেব্রুয়ারি এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। তার ভাষ্য, আসামির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকলেও গ্রেপ্তারের পর আপসের আলোচনা চলছিল।

গত বছরের ১৩ আগস্ট নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, মাসুদ রানা ও মুনেম শাহ সৌমিকের বিরুদ্ধে মামলা করেন অনন্যা। তদন্ত শেষে ৭ জানুয়ারি পাঁচজনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে পিবিআই।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে গত বছরের জুন পর্যন্ত প্রেমের সম্পর্ক ও বিয়ের আশ্বাস দিয়ে বাদীর কাছ থেকে ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করা হয়। পাশাপাশি তাকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টায় অন্য আসামিরা সহযোগিতা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD