হত্যা মামলায় শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশানে আবুজর শেখ (২৪) নিহতের ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
বিজ্ঞাপন
তদন্ত শেষে জমা দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা পারস্পরিক যোগসাজশে বেআইনি জনতাকে সংঘবদ্ধ করে উগ্রতা ও বলপ্রয়োগের মাধ্যমে হত্যাকাণ্ডে ভূমিকা রাখেন। তবে আদালত চার্জশিট গ্রহণ করবে কি না, সে বিষয়ে এখনও শুনানি হয়নি।
এটিইউ’র উপ-পরিদর্শক ইসরাইল হোসেন গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখায় অভিযোগপত্র জমা দেন। সংশ্লিষ্ট আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
চার্জশিটে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক এমপি মির্জা আজম এবং আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
অভিযোগপত্রে দণ্ডবিধির একাধিক ধারায় অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় গুলশানের প্রগতি সরণিতে বারিধারা জেনারেল হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল চলাকালে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা গুলি চালান। এতে আবুজর শেখ গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে এভারকেয়ার হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। ২৭ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
ঘটনার পর ১৬ নভেম্বর আবুজরের মা ছবি খাতুন গুলশান থানায় হত্যা মামলা করেন। শুরুতে ২৭ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
মামলার তিন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। অন্যদিকে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ২২ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। চার্জশিট গ্রহণ ও পরবর্তী আইনি কার্যক্রম বিষয়ে এখন আদালতের সিদ্ধান্তের অপেক্ষা।








