Logo

আবু সাঈদ হত্যা মামলার রায় ঘিরে উত্তেজনা, আসামিদের ‘জয় বাংলা’ স্লোগান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ এপ্রিল, ২০২৬, ১৩:৩৪
আবু সাঈদ হত্যা মামলার রায় ঘিরে উত্তেজনা, আসামিদের ‘জয় বাংলা’ স্লোগান
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় রায় ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামিরা আদালত কক্ষের বাইরে হট্টগোল শুরু করেন এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর ট্রাইব্যুনাল কক্ষ থেকে বের হওয়ার সময় সাজাপ্রাপ্তরা দায়িত্বরত পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন।

এ সময় আসামিরা উচ্চস্বরে স্লোগান দিয়ে রায়ের প্রতিবাদ জানান। তারা দাবি করেন, এ রায় তারা মানেন না এবং নিজেদের নির্দোষ বলে উল্লেখ করে অভিযোগ করেন যে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রায়ে আদালত আবু সাঈদ হত্যার দায়ে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এছাড়া মামলার অন্যান্য ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন— রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়।

বিজ্ঞাপন

অন্যদিকে, মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন— কোতোয়ালি জোনের সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান (জীবন), তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম (নয়ন) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকার সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় (মাধব)।

রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নেয়। ঘটনাটি নিয়ে জনমনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং মামলার রায়কে কেন্দ্র করে নতুন করে বিতর্কেরও সৃষ্টি হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD