Logo

মানবতাবিরোধী অপরাধ: জামিন হয়নি সেই আওয়ামী লীগ নেতার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ মার্চ, ২০২৬, ১৩:০০
মানবতাবিরোধী অপরাধ: জামিন হয়নি সেই আওয়ামী লীগ নেতার
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে জুলাই-আগস্ট আন্দোলনের সময় শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যা করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন নামঞ্জুর হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর। একই সঙ্গে আদালত তাকে স্বাস্থ্য প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

আজ (সোমবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, যিনি জামিন না দেওয়ার জন্য আবেদন করেন।

বিজ্ঞাপন

আসামিপক্ষের আইনজীবী সুব্রত কুমার জানান, ট্রাইব্যুনাল কিছু প্রতিবেদন দেখতে চেয়েছিলেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের প্রতিবেদন। তবে এ পর্যন্ত প্রয়োজনীয় প্রতিবেদনগুলো জমা দেওয়া হয়নি।

ট্রাইব্যুনাল পরবর্তী শুনানিতে নির্দেশ দেন, আসামির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবেদন আনতে হবে। পাশাপাশি তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবেদনও ৩০ মার্চের মধ্যে জমা দিতে হবে। পরবর্তী শুনানির তারিখও একই দিন ধার্য করা হয়েছে।

এর আগে, ২৪ ফেব্রুয়ারি হুমায়ুন কবির পাটোয়ারীর পক্ষ থেকে লিভার সিরোসিসের রোগে আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করে পুনরায় জামিনের আবেদন করা হয়। আইনজীবী জানিয়েছেন, এই রোগে তার দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

হুমায়ুন কবির লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং চররুহিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ২০২৪ সালের আগস্টে একই ঘটনায় অন্য মামলায় গ্রেপ্তার হন তিনি। বর্তমানে মানবতাবিরোধী অপরাধের মামলাটি তদন্তাধীন রয়েছে।

অপর আসামিরা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম। তারা আজ ট্রাইব্যুনালে হাজির ছিলেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD