Logo

নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠন শুনানি আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল, ২০২৬, ১১:৪৪
নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠন শুনানি আজ
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জন হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এ শুনানি হওয়ার কথা রয়েছে।

এ মামলায় গ্রেপ্তার চার আসামি হলেন—নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।

বিজ্ঞাপন

পলাতকদের মধ্যে রয়েছেন সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম।

এর আগে গত ৮ এপ্রিল শুনানির দিন ধার্য থাকলেও প্রয়োজনীয় নথি প্রস্তুত না থাকায় তা পিছিয়ে যায়। আজকের শুনানিতে প্রথমে প্রসিকিউশন তাদের বক্তব্য উপস্থাপন করবে।

চলতি বছরের ১৮ জানুয়ারি মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে হামলা চালায়। আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে গুলি চালানো হলে মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD