Logo

সিলেটে কিশোরীকে শিকল পরানোর ঘটনায় গ্রেপ্তার ৩

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
১০ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৪১
সিলেটে কিশোরীকে শিকল পরানোর ঘটনায় গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত

সিলেট নগরীতে এক কিশোরীকে শিকল পরিয়ে সড়কে টেনে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (৯ সেপ্টেম্বর) নগরীর উপশহর এলাকা থেকে মো. জাকির হোসেন (৪৩), মো. মোজাক্কির হোসেন (৪০) ও মো. বোরহান উদ্দিন (৪৫)কে গ্রেপ্তার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মঞ্জুরুল আলম জানান, ঘটনাটি নিয়ে উপপরিদর্শক (এসআই) শোভন রায় বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নগরীর উপশহরের মসজিদ মার্কেট এলাকার সড়কে ওই কিশোরীকে শিকল দিয়ে বেঁধে টেনে নিয়ে যাওয়া হয়।

ব্যবসায়ীদের অভিযোগ, একটি দোকানের ক্যাশবাক্স থেকে চুরি করার চেষ্টা করছিল কিশোরীটি। বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করা হয়। পরে তাকে মারধর করে শিকল পরিয়ে সড়কে হাঁটানো হয় এবং পুলিশে হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় কিশোরীর বিরুদ্ধে কোনো ব্যবসায়ী লিখিত অভিযোগ করেননি।

বিজ্ঞাপন

কোর্ট ইন্সপেক্টর আল-আমিন জানান, সোমবার ১৬ বছর বয়সী কিশোরীকে আটকের পরদিন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করে শাহপরান থানা-পুলিশ। পরে ওইদিন বিকেলে আদালত তাকে পরিবারের জিম্মায় মুক্তি দেওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপর মঙ্গলবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েকজন যুবককে ওই কিশোরীর গলায় শিকল পরিয়ে সড়ক দিয়ে টেনে নিয়ে যেতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

সিলেট জজ কোর্টের আইনজীবী জিয়াউর রহমান বলেন, “আইন নিজের হাতে তুলে নিয়ে আটক, নির্যাতন, শিকল দিয়ে আবদ্ধ বা লাঞ্ছিত করার অধিকার কারও নেই।”

তিনি আরও বলেন, কোনো অপরাধের অভিযোগ থাকলেও আইনি প্রক্রিয়া অনুসরণ না করে কাউকে শাস্তি দেওয়ার সুযোগ নেই।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD