বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের

আজ ১ নভেম্বর ঐতিহাসিক বিচার বিভাগ পৃথকীকরণ দিবস। এ উপলক্ষে বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও স্বায়ত্তশাসন বজায় রাখা, বিচারকদের পেশাগত সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।
বিজ্ঞাপন
রবিবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি দেশের বিচারক, বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী এবং ন্যায়বিচারপ্রত্যাশী জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ২০০৭ সালের ১ নভেম্বর ঐতিহাসিক মাসদার হোসেন মামলার রায়ের আলোকে বাংলাদেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়ে নতুন যুগের সূচনা করে। স্বাধীন বিচার বিভাগের প্রতিষ্ঠার এই দিনটি দেশের বিচারব্যবস্থার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।
সংগঠনটি উল্লেখ করে, একটি স্বাধীন, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক বিচারব্যবস্থা গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি। আইনের শাসন প্রতিষ্ঠা, মৌলিক মানবাধিকার সংরক্ষণ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে স্বাধীন বিচার বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিজ্ঞাপন
বিবৃতিতে আরও বলা হয়, বিচার বিভাগ পৃথকীকরণের পর থেকে নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মধ্যেও দেশের বিচারকরা নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে, বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও স্বায়ত্তশাসন বজায় রাখার পাশাপাশি বিচারকদের পেশাগত সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করা একটি কার্যকর বিচারব্যবস্থার জন্য অপরিহার্য।
মামলাজট কমানো এবং দ্রুততম সময়ে জনগণের কাছে ন্যায়বিচার পৌঁছে দেওয়ার বিষয়েও সংগঠনটি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়, ঐতিহাসিক এই দিনে আইনের শাসন সমুন্নত রাখা এবং বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রাখতে স্বাধীন বিচারব্যবস্থাকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করছে সংগঠনটি। পাশাপাশি বিচারব্যবস্থার সামগ্রিক উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
সবশেষে সংগঠনটি আশা প্রকাশ করে, সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও আইনের শাসন প্রতিষ্ঠিত একটি সমাজ গড়ে তোলা সম্ভব হবে।








