ভোট ও রমজানের আগে বাড়ল প্রবাসী আয়, এক মাসেই ৩.১৭ বিলিয়ন ডলার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিরা দেশকে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে সচেতন হয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে দেশে এসেছে ৩.১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা। একক মাস হিসেবে এটি দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।
বিজ্ঞাপন
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্লেষকদের মতে, ভোট ও রমজানকে কেন্দ্র করে প্রবাসীদের বাড়িতে পরিবারের জন্য অতিরিক্ত খরচ মেটানো এবং দেশের অর্থনীতিতে অবদান রাখার প্রবণতা বৃদ্ধি পায়। এর ফলে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে বিশেষ চাঙাভাব লক্ষ্য করা যাচ্ছে। চলমান ধারা বজায় থাকলে এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: সোমবার জানা যাবে এলপিজির নতুন দাম
বিজ্ঞাপন
এর আগে, ডিসেম্বর মাসে দেশে প্রবাসী আয় এসেছে ৩.২২ বিলিয়ন ডলার, যা একক মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় ছিল ৩.২৯ বিলিয়ন ডলার, যা গত বছরের মার্চে ঈদুল ফিতরের সময় পাঠানো হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত মাসভিত্তিক রেমিট্যান্স এসেছে যথাক্রমে: জুলাইয়ে ২৪৭.৭৮ কোটি ডলার, আগস্টে ২৪২.১৯ কোটি ডলার, সেপ্টেম্বরে ২৬৮.৫৮ কোটি ডলার, অক্টোবর ২৫৬.৩৫ কোটি ডলার, নভেম্বর ২৮৮.৯৫ কোটি ডলার এবং জানুয়ারি ৩১৭ কোটি ডলার।
২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর থেকে প্রবাসী আয়ের ধারায় ধারাবাহিক বৃদ্ধি দেখা দিয়েছে। ব্যাংক খাতের কর্মকর্তারা বলছেন, অর্থ পাচার কমে যাওয়ায় অবৈধ হুন্ডি ব্যবসা কমেছে। এছাড়া, ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার কিছু মাস ধরে স্থিতিশীল থাকায় বৈধ পথে রেমিট্যান্স দেশের অর্থনীতিতে প্রবাহিত হচ্ছে।
বিজ্ঞাপন
চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রবাসীরা মোট এক হাজার ৯৪৪ কোটি ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১.৮ শতাংশ বেশি। আগের অর্থবছরে একই সময়ে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৫৯৬ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৫ জানুয়ারি পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩২.৬২ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ বর্তমানে ২৮ বিলিয়ন ডলার।








