Logo

ট্রেজারি বন্ডে বিনিয়োগকারীদের জন্য নতুন বিশাল সুযোগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ, ২০২৬, ১৮:৫৭
ট্রেজারি বন্ডে বিনিয়োগকারীদের জন্য নতুন বিশাল সুযোগ
ছবি: সংগৃহীত

সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগকারীদের জন্য নতুন বিশাল সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ট্রেজারি বন্ডকে জামানত হিসেবে রেখে বিনিয়োগকারীরা বন্ডের অভিহিত মূল্যের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন।

বিজ্ঞাপন

বুধবার (১১ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক এ সুযোগের ঘোষণা দেয়। এতে বলা হয়েছে, লিয়েনকৃত সরকারি বন্ডকে এখন যোগ্য জামানত হিসেবে বিবেচনা করা হবে। ফলে ব্যাংকগুলো ট্রেজারি বন্ড লিয়েন রেখে গ্রাহকদের ঋণ দিতে পারবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিভিন্ন ব্যাংক ট্রেজারি বন্ডের বিপরীতে ঋণ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। সেই প্রেক্ষিতে ব্যাংকগুলোকে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে ট্রেজারি বন্ড জামানত রেখে ঋণ বিতরণের অনুমতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও বলা হয়, কোনো গ্রাহক ট্রেজারি বন্ডের বিপরীতে ওভারড্রাফট বা মেয়াদি ঋণ সুবিধা নিতে চাইলে সংশ্লিষ্ট ব্যাংককে আগে ওই বন্ডকে লিয়েন হিসেবে চিহ্নিত করতে হবে। এরপর বন্ডের অভিহিত মূল্যের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ দেওয়া যাবে।

তবে এ ক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। সুদ যুক্ত হওয়ার কারণে ঋণের মোট স্থিতি কোনোভাবেই বন্ডের অভিহিত মূল্যের বেশি হতে পারবে না। পাশাপাশি ঋণের মেয়াদও বন্ডের মেয়াদের চেয়ে দীর্ঘ করা যাবে না। এছাড়া ট্রেজারি বন্ড কেনার জন্য ব্যাংক থেকে কোনো ঋণ গ্রহণের সুযোগ থাকবে না বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

একসময় ট্রেজারি বন্ডে বিনিয়োগের সুযোগ মূলত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বিমা কোম্পানির মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে সাম্প্রতিক সময়ে কর সুবিধা এবং তুলনামূলক ভালো মুনাফার কারণে ব্যক্তি বিনিয়োগকারী এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যেও ট্রেজারি বন্ডে বিনিয়োগের আগ্রহ বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, নতুন এই উদ্যোগের ফলে ট্রেজারি বন্ডে বিনিয়োগ আরও আকর্ষণীয় হয়ে উঠবে। একই সঙ্গে বিনিয়োগকারীরা প্রয়োজনের সময় তাদের বন্ডের বিপরীতে ঋণ সুবিধা নিতে পারায় আর্থিক ব্যবস্থাপনাও সহজ হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD