Logo

স্পেনের টেক্সটাইল মেলায় বাংলাদেশের ১৮ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর, ২০২৬, ২০:২০
স্পেনের টেক্সটাইল মেলায় বাংলাদেশের ১৮ প্রতিষ্ঠানের অংশগ্রহণ
ছবি: সংগৃহীত

স্পেনের বার্সেলোনায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’। বুধবার (২১ অক্টোবর) থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত। ইউরোপের বাজারে বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাকের রপ্তানি সম্প্রসারণ এবং নতুন ক্রেতা আকর্ষণের লক্ষ্যে এবারের আয়োজনে অংশ নিয়েছে বাংলাদেশের একাধিক প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

বার্সেলোনার বিশ্বখ্যাত প্রদর্শনী কেন্দ্র ফিরা দে বার্সেলোনা মোন্টজুইকে আয়োজিত এ মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহযোগিতা এবং মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় বাংলাদেশের ১৪টি স্বনামধন্য প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরোর তত্ত্বাবধানে অংশ নিচ্ছে। পাশাপাশি চারটি প্রতিষ্ঠান সরাসরি মেলায় অংশগ্রহণ করছে। এ ছাড়া রপ্তানি উন্নয়ন ব্যুরোর একটি স্টলে রপ্তানিসংক্রান্ত বিভিন্ন প্রকাশনা, সাময়িকী ও নথিপত্র প্রদর্শন এবং বিতরণ করা হচ্ছে।

এবারের মেলায় বাংলাদেশ, স্পেন, ইতালি, জাপান, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ভারত ও চীনসহ বিশ্বের ১২টি দেশের ৩০০টিরও বেশি উৎপাদনকারী প্রতিষ্ঠান ও প্রদর্শক অংশ নিচ্ছে।

বুধবার সকালে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান এনডিসি। অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন, স্পেনে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সেলর রুহুল কুদ্দুস, প্রথম সচিব (শ্রম) মাহিদ আল হাসান, বিকেএমইএর পরিচালক মো. আব্দুল হান্নান, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, স্পেনের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ এবং মেলার আয়োজকেরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের রপ্তানি আয় বৃদ্ধি, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এ শিল্প খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

স্পেনের বাজারে বাংলাদেশের পণ্যের রপ্তানি বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, জার্মানিকে অতিক্রম করে স্পেন বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পণ্যের বৃহত্তম রপ্তানি গন্তব্যে পরিণত হয়েছে। তাঁর মতে, এটি বাংলাদেশের উৎপাদন সক্ষমতা, পণ্যের গুণগত মান এবং আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের আস্থার প্রতিফলন।

রাষ্ট্রদূত আরও বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক সুসংহত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মুডিসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সার্বভৌম ঋণমান মূল্যায়ন ও অর্থনৈতিক পর্যালোচনায় ইতিবাচক অগ্রগতি দেশের অর্থনীতির স্থিতিশীলতা ও সহনশীলতা বাড়ানোর প্রচেষ্টাকে তুলে ধরে।

বিজ্ঞাপন

বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ ও পণ্যের বহুমুখীকরণে স্পেনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মেলার অন্যতম লক্ষ্য হলো আন্তর্জাতিক ক্রেতা, পাইকারি বিক্রেতা ও নকশাবিদদের মধ্যে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠা এবং বৈশ্বিক বস্ত্র খাতের ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করা। এ আয়োজনে বিভিন্ন ধরনের বোনা ও নিট কাপড়, তৈরি পোশাক, গৃহসজ্জার বস্ত্র, সুতা এবং ফ্যাশনসামগ্রী প্রদর্শন করা হচ্ছে। মেলায় বাংলাদেশের তৈরি পোশাকের প্রতি আগত ক্রেতাদের আগ্রহ দেখা গেছে।

এবারের আয়োজনের অংশ হিসেবে বিশ্বখ্যাত ‘পেক্লার্স প্যারিস’-এর পরিচালনায় ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবণতা বিশ্লেষণ’ শীর্ষক একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে ফ্যাশনশিল্পের পরিবর্তিত ধারা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বাজারের প্রবণতা সম্পর্কে আলোচনা করা হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশসহ বিভিন্ন দেশের সরবরাহকারীদের জন্য ইউরোপীয় ফ্যাশন ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলার সুযোগ তৈরি করছে এ মেলা। একই সঙ্গে নতুন ব্যবসায়িক সম্পর্ক প্রতিষ্ঠা এবং প্রতিযোগিতামূলক মূল্যে ক্রয়াদেশ পাওয়ার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

মেলায় বাংলাদেশের পক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ডে ফ্যাশন, এএমসি নিট কম্পোজিট লিমিটেড, সারা ফ্যাশন, বেঙ্গল গ্লোরি, কনকর্ড গার্মেন্ট ওয়্যার, ইউনাইটেড ক্রিয়েশন, এএমসি অ্যাপারেল, গ্লিমার ফ্যাশনস ডিজাইন অ্যাপারেল, জিন্স অ্যান্ড জ্যাকেট, আহাভা কম্পোজিট, এনডব্লিউআরএমটি, মানহা অ্যাটায়ার কম্পোজিট এবং গেট ওয়ার্ল্ড অ্যাটায়ার ট্রিমস।

ইউরোপের গুরুত্বপূর্ণ বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রপণ্যের পরিচিতি বাড়ানো, নতুন ক্রেতার সঙ্গে যোগাযোগ স্থাপন এবং রপ্তানি বাণিজ্যের পরিধি বিস্তারে বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬ বাংলাদেশের অংশগ্রহণকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD