ঈদ সামনে রেখে বাড়ছে রেমিট্যান্স, ১৪ দিনে দেশে এলো ২ বিলিয়ন ডলার

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিরা দেশে অর্থ পাঠানো বাড়িয়েছেন। পরিবার ও স্বজনদের ঈদের কেনাকাটা ও বাড়তি খরচের কথা মাথায় রেখে চলতি মার্চের প্রথম ১৪ দিনেই দেশে এসেছে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স।
বিজ্ঞাপন
রোববার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। খাত সংশ্লিষ্টদের মতে, রমজান ও ঈদকে কেন্দ্র করে দেশে পরিবারের ব্যয় সাধারণ সময়ের তুলনায় বেড়ে যায়।
এ কারণে প্রবাসীরা এই সময়ে বেশি অর্থ পাঠান, যার ইতিবাচক প্রভাব পড়ে রেমিট্যান্স প্রবাহে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভেও।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চের প্রথম ১৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ২ দশমিক ২০ বিলিয়ন (২২০ কোটি) মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী, প্রতি ডলার ১২৩ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৭ হাজার ১২১ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের ধারণা, রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকলে চলতি মাস শেষে প্রবাসী আয় নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩০২ কোটি বা ৩ দশমিক ০২ বিলিয়ন মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৭ হাজার কোটি টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে ১৯ দশমিক ৫ শতাংশ। গত বছরের ফেব্রুয়ারিতে দেশে এসেছিল ২৫২ কোটি ডলার।
বিজ্ঞাপন
অন্যদিকে চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ১৪ মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৬৫৮ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৬৬ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ৫৩৬ কোটি ডলার।








