Logo

চট্টগ্রাম বন্দরে ভিড়ল জ্বালানিবাহী আরও ৪ জাহাজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ এপ্রিল, ২০২৬, ১৯:৪১
চট্টগ্রাম বন্দরে ভিড়ল জ্বালানিবাহী আরও ৪ জাহাজ
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা ও সরবরাহ সংকটের মধ্যেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), এলপিজি ও গ্যাস অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও চারটি বড় জাহাজ এসে পৌঁছেছে। ইতোমধ্যে জাহাজগুলো বন্দরে নোঙর করেছে এবং সেগুলো থেকে জ্বালানি খালাসের কার্যক্রম জোরেশোরে চলছে।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বন্দর সূত্র জানায়, ভারত, মালয়েশিয়া, নাইজেরিয়া ও চীন থেকে এসব জ্বালানি পণ্য নিয়ে জাহাজগুলো গত কয়েক দিনে বন্দরে নোঙর করেছে। এর মধ্যে এলপিজিবাহী ‘গ্যাস চ্যালেঞ্জার’ ভারত থেকে এলপিজি নিয়ে গত ৩১ মার্চ  বন্দরে পৌঁছায়। বর্তমানে এটি ‘ভাটিয়ারী’ এলাকায় অবস্থান করছে। মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আসা ‘শান গ্যাং ফা শিয়ান’ জাহাজটি ৩ এপ্রিল বন্দরে ভিড়েছে। এটি বর্তমানে ‘ডিওজে-৬’ জেটিতে অবস্থান করছে এবং আগামী ৭ এপ্রিলের মধ্যে এর পণ্য খালাস সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে আসা ‘কুল ভয়েজার’ জাহাজটি ৫ এপ্রিল বন্দরে পৌঁছেছে এবং বর্তমানে এফএসআরইউ-তে অবস্থান করছে। আশা করা হচ্ছে, ৮ এপ্রিলের মধ্যে এর খালাস কার্যক্রম সম্পন্ন হবে। একই দিনে চীন থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস জার্নি’ নামের আরেকটি জাহাজ বন্দরে ভিড়েছে। এটি বর্তমানে চার্লি এলাকায় রয়েছে এবং ৮ এপ্রিলের মধ্যেই এর খালাস শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে এসব জাহাজ থেকে দ্রুত জ্বালানি খালাসে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব জাহাজের পণ্য খালাস সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সূত্র: বাসস

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD