Logo

মাসের শুরুতেই রেমিট্যান্সের জোয়ার, দেশে এলো ৭৫ কোটি ডলার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ মে, ২০২৬, ১৮:৩৬
মাসের শুরুতেই রেমিট্যান্সের জোয়ার, দেশে এলো ৭৫ কোটি ডলার
ছবি: সংগৃহীত

চলতি মে মাসের শুরুতেই দেশে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। মাসের প্রথম ৬ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা প্রতিদিন গড়ে প্রায় ১২ কোটি ৫৩ লাখ ডলারের সমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের একই সময়ে এই আয় ছিল ৬২ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ৬ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৮ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় প্রায় ১৯ দশমিক ৬০ শতাংশ বেশি।

এর আগে এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। মার্চ মাসে প্রবাসী আয় পৌঁছায় ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলারে, যা এখন পর্যন্ত একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।

ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স ছিল ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার। ডিসেম্বরে প্রবাসী আয় ছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বর মাসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

বিজ্ঞাপন

এর আগে অক্টোবর ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স দেশে আসে। আগস্ট ও জুলাই মাসে আসে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

অর্থনীতিবিদরা মনে করছেন, ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD