বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, দেশে ভরি কত?

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মূল্যস্ফীতি ও সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা কমে আসায় চলতি সপ্তাহজুড়ে মূল্যবান এই ধাতুর বাজারে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি ও যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে আশাবাদও বাজারে প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিজ্ঞাপন
শুক্রবার (৮ মে) বাংলাদেশ সময় সকাল ১০টা ৭ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭১৫ দশমিক ৪৯ মার্কিন ডলারে। এছাড়া জুন মাসে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দামও ০ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৭২৫ ডলারে পৌঁছেছে। খবর রয়টার্সের।
ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রডা ব্রিটিশ বার্তাসংস্থাটিকে বলেন, নতুন করে সংঘাতের শঙ্কা থাকলেও যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে এখনও আশাবাদী বিনিয়োগকারীরা। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তির বিষয়ে আশাবাদ এখনও অব্যাহত রয়েছে। এই খবর আপাতত সোনার বাজারে বিনিয়োগে সাহস দিচ্ছে।
বিজ্ঞাপন
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সোনার দাম ১০ শতাংশেরও বেশি কমেছে, যার পেছনে তেলের দামে ঊর্ধ্বগতি বড় ভূমিকা রেখেছে। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেলে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে, ফলে সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও বেড়ে যায়। যদিও সোনাকে মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়, তবুও উচ্চ সুদের হার সাধারণত সুদবিহীন এই সম্পদের ওপর চাপ সৃষ্টি করে।
রডা বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান কোনও সমঝোতার কাছাকাছি পৌঁছাচ্ছে কি না, তা জানতে সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী ২৪ ঘণ্টায় বাজারে দাম ওঠানামা করবে।
বিজ্ঞাপন
শুক্রবার সোনার পাশাপাশি অন্য মূল্যবান ধাতুগুলোর দামও বেড়েছে বিশ্ববাজারে। এদিন সকালে রুপার দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৯ দশমিক ৮৫ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া, প্লাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ২ হাজার ৫৪ দশমিক ২২ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৫০৮ দশমিক ১৬ ডলারে উঠেছে।
এদিকে আন্তর্জাতিক বাজারের প্রভাব দেশের বাজারেও পড়েছে। বর্তমানে বাংলাদেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২১৩ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম রয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।








