ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে

ব্যাংক থেকে ঋণ নিতে হলে একসময় গ্রাহকদের শাখায় গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। ফরম পূরণ, নথিপত্র জমা এবং নানা ধাপ পেরিয়ে ঋণ অনুমোদনের জন্য দিনের পর দিন অপেক্ষা ছিল সাধারণ বিষয়। তবে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার কারণে এখন সেই চিত্র দ্রুত বদলাচ্ছে। মোবাইল ফোন বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেই ঘরে বসে ঋণের আবেদন, যাচাই-বাছাই এবং টাকা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে। এই আধুনিক ব্যবস্থাকেই বলা হচ্ছে ‘ই-লোন’ বা ডিজিটাল ঋণ।
বিজ্ঞাপন
বাংলাদেশেও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে এই ডিজিটাল ঋণসেবা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় একটি নীতিমালা জারি করেছে, যার ফলে দেশের সব ব্যাংক এখন নির্দিষ্ট শর্তে ই-লোন সুবিধা চালু করতে পারবে।
কী এই ই-লোন?
ই-লোন হলো এমন একটি ঋণপ্রক্রিয়া, যেখানে আবেদন থেকে শুরু করে অনুমোদন ও অর্থ বিতরণ—সবকিছুই অনলাইনের মাধ্যমে সম্পন্ন হয়। গ্রাহককে ব্যাংকের শাখায় যেতে হয় না। ব্যাংকের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট বা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেই প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করা যায়।
বিজ্ঞাপন
বাংলাদেশে এই সেবা একেবারে নতুন নয়। এর আগেও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সীমিত পরিসরে ডিজিটাল ঋণ দেওয়া হয়েছে। প্রযুক্তি খাতের উদ্যোক্তা ও বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, বিকাশ ও City Bank যৌথভাবে কয়েক বছর ধরেই এই ধরনের ঋণসেবা দিচ্ছে। শুরুতে ঋণের সীমা ছিল ২০ হাজার টাকা, যা পরে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।
তিনি জানান, আগে এটি নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার ফলে এখন যেকোনো ব্যাংক এ ধরনের সেবা চালু করতে পারবে।
বিজ্ঞাপন
একই মত দিয়েছেন মোহাম্মদ নূরুল আমিন। মেঘনা ব্যাংকের সাবেক এই ব্যবস্থাপনা পরিচালক বলেন, ডিজিটাল ঋণ আগে থেকেও ছিল, তবে এখন সেটিকে আনুষ্ঠানিক নীতিমালার আওতায় আনা হয়েছে।
কত টাকা পর্যন্ত ঋণ মিলবে?
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ই-লোন নিতে পারবেন। এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর। অর্থাৎ, ১২ মাসের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে।
বিজ্ঞাপন
সুদের হার বাজারভিত্তিক হলেও, বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় দেওয়া ঋণের ক্ষেত্রে সুদ সর্বোচ্চ ৯ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কোনো ব্যাংক চাইলে এর চেয়েও কম সুদে ঋণ দিতে পারবে।
কীভাবে আবেদন করা যাবে?
বিজ্ঞাপন
ই-লোনের পুরো প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন হবে। আবেদন, যাচাই, অনুমোদন এবং অর্থ বিতরণ—সব ধাপই ডিজিটাল পদ্ধতিতে হবে।
গ্রাহককে কোনো কাগজে স্বাক্ষর করতে হবে না। এর পরিবর্তে বায়োমেট্রিক তথ্য এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করে গ্রাহকের সম্মতি নিশ্চিত করা হবে।
তবে ঋণ অনুমোদনের আগে ব্যাংক গ্রাহকের পূর্ববর্তী ঋণের তথ্য ও সিআইবি রিপোর্ট যাচাই করবে। বিশেষ সুবিধা হলো, ই-লোনের ক্ষেত্রে সিআইবি যাচাই বাবদ গ্রাহককে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না।
বিজ্ঞাপন
কারা এই সুবিধা পাবেন না?
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, কোনো ঋণখেলাপি গ্রাহক ই-লোন সুবিধা পাবেন না। ঋণ দেওয়ার আগে ব্যাংক অন্যান্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে নেওয়া ঋণের তথ্যও যাচাই করবে।
কেন গুরুত্বপূর্ণ এই ডিজিটাল ঋণ?
বিজ্ঞাপন
বিশেষজ্ঞরা মনে করছেন, স্বল্প আয়ের মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষার্থী এবং ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর জন্য এই উদ্যোগ বড় সুযোগ তৈরি করতে পারে।
মোহাম্মদ নূরুল আমিন বলেন, এনজিওর ঋণের তুলনায় এখানে সুদের চাপ কম হতে পারে এবং পরিশোধের সময়ও তুলনামূলকভাবে সুবিধাজনক। তার মতে, এই ঋণ মূলত ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রান্তিক মানুষের আর্থিক কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
অন্যদিকে ফাহিম মাশরুর মনে করেন, ব্যাংক হিসাব থাকলেই অনেক সাধারণ মানুষ এই সুবিধা পেতে পারেন। ফলে চাকরিজীবীদের পাশাপাশি ছোট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তারাও ডিজিটাল ঋণের আওতায় আসতে পারবেন।
ঝুঁকির বিষয় কী?
বিশেষজ্ঞদের মতে, এই ঋণ ব্যবস্থায় গ্রাহকের ঝুঁকি তুলনামূলক কম হলেও ব্যাংকের জন্য ঝুঁকি থেকে যায়। কারণ এটি মূলত জামানতবিহীন ঋণ।
বিজ্ঞাপন
ফাহিম মাশরুর বলেন, ছোট অঙ্কের ঋণের ক্ষেত্রে অনেক গ্রাহক ঋণ পরিশোধ না করলে ব্যাংকের ক্ষতির আশঙ্কা থাকে। তাই ব্যাংকগুলোকে ঝুঁকি ব্যবস্থাপনায় বাড়তি গুরুত্ব দিতে হবে।
তবে সংশ্লিষ্টরা মনে করছেন, ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার বিস্তার এবং নগদহীন অর্থনীতি গড়ে তুলতে ই-লোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ ব্যাংকও মনে করছে, এই উদ্যোগের মাধ্যমে আরও বেশি মানুষ আনুষ্ঠানিক ব্যাংকিং সেবার আওতায় আসবে এবং ডিজিটাল আর্থিক লেনদেনে অভ্যস্ত হয়ে উঠবে।








