Logo

দেশের বাজারে ফের কমল সোনার দাম, ভরি কত?

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ মে, ২০২৬, ১১:১৭
দেশের বাজারে ফের কমল সোনার দাম, ভরি কত?
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে। ফলে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

বিজ্ঞাপন

শনিবার (১৬ মে) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ মূল্যতালিকা প্রকাশ করে বাজুস। সংস্থাটি জানিয়েছে, আজ সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা বিশুদ্ধ সোনার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সোনার নতুন দর নির্ধারণ করেছে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটি।

বিজ্ঞাপন

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হবে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

এর আগে গত শুক্রবার (১৫ মে) সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেট সোনার ভরিপ্রতি দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৫ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ৩০ বার।

বিজ্ঞাপন

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৪১ টাকা।

বাজুস জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৩৯ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD