দেশে খেলাপি ঋণ ছাড়ালো ৬ লাখ কোটি টাকা

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। চলতি বছরের জুন শেষে ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। এ সময়ে ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ খেলাপি হয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা। ওই সময় মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ খেলাপি ছিল।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। সেই হিসাবে চলতি বছরের প্রথম ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৪৯ হাজার ৩৩৮ কোটি টাকা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অন্যদিকে, ২০২৫ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৩০ হাজার ৪২৮ কোটি টাকা। এক বছরের ব্যবধানে এ ঋণ বেড়েছে ৭৬ হাজার ১২৭ কোটি টাকা।
ব্যাংকিং খাতে ঋণের মান নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। বড় অঙ্কের ঋণ অনাদায়ী হয়ে পড়ার পাশাপাশি বিভিন্ন সময়ে ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠনের পরও খেলাপি ঋণের পরিমাণ বাড়তে থাকায় ব্যাংক খাতের ঝুঁকি আরও বাড়ছে।
খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিলেও এখন পর্যন্ত এর উল্লেখযোগ্য প্রভাব দেখা যায়নি। বরং জুন শেষে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকার সীমা ছাড়িয়ে যাওয়ায় দেশের ব্যাংকিং খাতের আর্থিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।








