তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করা তিন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
বিজ্ঞাপন
অগ্রণী ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির (বিডিবিএল) এমডি ও সিইওদের নিয়োগ বাতিলের বিষয়ে বুধবার (২ সেপ্টেম্বর) পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন—অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলাম, বেসিক ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুজ্জামান খান এবং বিডিবিএলের এমডি ও সিইও মো. জসীম উদ্দিন।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী তিন কর্মকর্তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলে সরকারের সুপারিশ ও সম্মতি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ব্যাংক কোম্পানি আইন এবং পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় বিধিগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
অগ্রণী ব্যাংকের এমডি আনোয়ারুল ইসলাম
মো. আনোয়ারুল ইসলাম ২০২৪ সালের ৩ নভেম্বর অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব নেন। এর আগে ২১ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে তিন বছরের জন্য ব্যাংকটির শীর্ষ নির্বাহী পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
১৯৮৮ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন আনোয়ারুল ইসলাম। দীর্ঘ ব্যাংকিং জীবনে তিনি ঢাকা, খুলনা ও ফরিদপুর সার্কেলের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি যশোর ও ঝিনাইদহ অঞ্চলের প্রধান এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপকের দায়িত্বও পালন করেছেন।
বিজ্ঞাপন
২০২১ সালের ১ নভেম্বর অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান তিনি। পরে ২০২৪ সালে এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পান। তবে তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তার নিয়োগের অবশিষ্ট সময় বাতিল করা হলো।
এর আগে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদেও পরিবর্তন আনে সরকার। কয়েকজন পরিচালককে প্রত্যাহারের পাশাপাশি নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়। এর পর এবার ব্যাংকটির শীর্ষ নির্বাহীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত এলো।
বেসিক ব্যাংকের এমডির নিয়োগও বাতিল
বিজ্ঞাপন
সরকারের একই সিদ্ধান্তের আওতায় বেসিক ব্যাংক পিএলসির এমডি ও সিইও মো. কামরুজ্জামান খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদও বাতিল করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে তার নিয়োগ বাতিলের পাশাপাশি ব্যাংক কোম্পানি আইন ও সংশ্লিষ্ট চুক্তির বিধান অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিবিএলের শীর্ষ নির্বাহীও দায়িত্ব হারালেন
রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির (বিডিবিএল) এমডি ও সিইও মো. জসীম উদ্দিনের চুক্তিভিত্তিক নিয়োগও একই প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন
মো. জসীম উদ্দিন ২০২৪ সালের ২০ নভেম্বর বিডিবিএলের এমডি ও সিইও হিসেবে যোগ দেন। এর আগে তিনি জনতা ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগ দিয়ে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন জসীম উদ্দিন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক বিডিবিএলের শীর্ষ নির্বাহী পদে নিয়োগ পেয়েছিলেন তিনি।
সরকারের সর্বশেষ সিদ্ধান্তের ফলে তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি ও সিইও পদে থাকা এই তিন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই কার্যত শেষ হলো।








