Logo

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরতের আবেদন ১৮ হাজার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:০৩
সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরতের আবেদন ১৮ হাজার
ছবি: সংগৃহীত

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের অর্থ ফেরত নেওয়ার আবেদন কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমের প্রথম দিনেই প্রায় ১৮ হাজার ব্যক্তি আমানতকারী টাকা ফেরতের আবেদন করেছেন। এসব আবেদনে গ্রাহকেরা মোট প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ফেরত চেয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখায় আমানতের অর্থ উত্তোলনের আবেদন গ্রহণ করা হয়। এ সময় আবেদন করতে আসা গ্রাহকদের উপস্থিতিতে বিভিন্ন শাখায় ভিড় দেখা যায়। ব্যাংকের কর্মকর্তারা প্রয়োজনীয় তথ্য দিয়ে গ্রাহকদের আবেদন প্রক্রিয়ায় সহযোগিতা করেন।

ব্যাংক সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নীতিমালা অনুসরণ করেই আমানত ফেরতের আবেদন নেওয়া হচ্ছে। এ জন্য গ্রাহকদের সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় উপস্থিত হয়ে আবেদন করতে হচ্ছে। আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে যোগ্য গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংকটে পড়া পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। একীভূত ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাবে থাকা অর্থ এবং মেয়াদি আমানতের মূল টাকা উত্তোলন করতে পারবেন। তবে বর্তমান পর্যায়ে এসব আমানতের বিপরীতে অর্জিত বা প্রাপ্য মুনাফা উত্তোলনের সুযোগ রাখা হয়নি।

বিজ্ঞাপন

কোনো আমানতকারী মূল টাকা তুলে নিলে সংশ্লিষ্ট আমানতের ক্ষেত্রে সেটিকে চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি হস্তান্তরকারী ব্যাংকের কাছে গ্রাহকের কোনো ঋণ বা আর্থিক দায় থাকলে আমানত ফেরতের আগে পাওনা অর্থ থেকে তা সমন্বয় করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, যেসব গ্রাহক আপাতত আমানত উত্তোলন করবেন না, তারা হিসাব চালু রাখলে চুক্তির শর্ত অনুযায়ী প্রযোজ্য হারে মুনাফা পাওয়ার সুযোগ পাবেন।

মেয়াদি আমানত নির্ধারিত সময়ের আগে ভাঙলে গ্রাহক মূল টাকা ফেরত পেলেও ওই অর্থের বিপরীতে মুনাফা পাবেন না। তবে কোনো গ্রাহক যদি আংশিক অর্থ উত্তোলন করেন, তাহলে অবশিষ্ট আমানতের ওপর প্রচলিত নিয়ম অনুযায়ী মুনাফা পাওয়ার সুযোগ থাকবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD