ইস্টার্ন রিফাইনারির বাড়ছে সক্ষমতা, বছরে শোধন হবে ৪৫ লাখ টন

দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে এবং পরিশোধিত জ্বালানি তেল আমদানির ওপর নির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটির বার্ষিক তেল পরিশোধনের সক্ষমতা তিনগুণ বেড়ে ৪৫ লাখ মেট্রিক টনে উন্নীত হবে।
বিজ্ঞাপন
এই প্রকল্পে ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা।
‘মডার্নাইজেশন অ্যান্ড এক্সপ্যানশন অব ইস্টার্ন রিফাইনারি ইন বাংলাদেশ’ প্রকল্পের জন্য বাংলাদেশ সরকার ও আইডিবির মধ্যে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং আইডিবির পক্ষে কান্ট্রি প্রোগ্রামসের ডিরেক্টর জেনারেল আনাসে আইসামি স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের উপস্থিত ছিলেন।
ইআরডি জানিয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থাটির মতে, এই অর্থায়নের মাধ্যমে বাংলাদেশ ও আইডিবির দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার হবে।
বিজ্ঞাপন
একক প্রকল্পে আইডিবির সর্বোচ্চ অর্থায়ন
ইআরডির তথ্য অনুযায়ী, বাংলাদেশে কোনো একটি প্রকল্পে আইডিবির এটিই সবচেয়ে বড় বিনিয়োগ। প্রকল্পটি শেষ হলে দেশের প্রধান তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির বর্তমান ১৫ লাখ মেট্রিক টন বার্ষিক পরিশোধন ক্ষমতা বেড়ে দাঁড়াবে ৪৫ লাখ মেট্রিক টনে।
সক্ষমতা বৃদ্ধির ফলে দেশে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বাড়বে এবং জ্বালানি নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পরিবেশবান্ধব ইউরো-৫ মানের পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের সুযোগ তৈরি হবে।
বিজ্ঞাপন

রিফাইনারির উৎপাদন সক্ষমতা তিনগুণ হলে পরিশোধিত জ্বালানি তেল বিদেশ থেকে আমদানির প্রয়োজনও কমবে। এতে বৈদেশিক মুদ্রার ব্যয় সাশ্রয়ের পাশাপাশি দেশের জ্বালানি সরবরাহে আরও স্থিতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে আইডিবি
বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী আইডিবি। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশকে অনুদান, প্রকল্প ঋণ, বাণিজ্য অর্থায়ন, বেসরকারি খাতে অর্থায়ন এবং রপ্তানি ঋণ গ্যারান্টিসহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অর্থায়ন চুক্তি স্বাক্ষরের পর আইডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
বিজ্ঞাপন
এ সময় প্রধানমন্ত্রী সহজ শর্তে অর্থায়নের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশ ও আইডিবির বিদ্যমান সম্পর্ক আরও গভীর করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।








