Logo

২১০৬ কোটি টাকায় ২ লাখ ৬০ হাজার টন সার কিনবে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৬, ১৯:০৮
২১০৬ কোটি টাকায় ২ লাখ ৬০ হাজার টন সার কিনবে সরকার
ফাইল ছবি

কৃষি উৎপাদনের প্রয়োজন মেটাতে ২ লাখ ৬০ হাজার টন ইউরিয়া, ডিএপি ও টিএসপি সার সংগ্রহের প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব সার কিনতে মোট ব্যয় হবে ২ হাজার ১০৬ কোটি ২৭ লাখ টাকা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত সারের মধ্যে রয়েছে ১ লাখ ১০ হাজার টন ইউরিয়া, ৮০ হাজার টন ডিএপি এবং ৭০ হাজার টন টিএসপি। শিল্প মন্ত্রণালয়ের তিনটি এবং কৃষি মন্ত্রণালয়ের চারটি প্রস্তাবের আওতায় এসব ক্রয় ও আমদানি করা হবে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়ন করবে।

কাফকো থেকে ৩০ হাজার টন ইউরিয়া

বিজ্ঞাপন

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় লটে ৩০ হাজার টন ব্যাগজাত দানাদার ইউরিয়া কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৬২ কোটি ৩৯ লাখ ১০ হাজার ৩১২ টাকা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চুক্তি অনুযায়ী, প্রতি টন ইউরিয়ার দাম নির্ধারণ করা হয়েছে ৪৩৮ দশমিক ১২৫ মার্কিন ডলার। ৩০ হাজার টনের মোট মূল্য দাঁড়ায় ১ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ৭৫০ মার্কিন ডলার।

২০২৬-২৭ অর্থবছরে কাফকো থেকে মোট ৫ লাখ ৫০ হাজার টন ইউরিয়া সংগ্রহের জন্য সংশোধিত চুক্তি রয়েছে। এ অর্থবছরে দেশে ইউরিয়ার মোট চাহিদা ধরা হয়েছে ৩০ লাখ টন।

বিজ্ঞাপন

সৌদি আরব থেকে ৪০ হাজার টন

সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ২০২৬-২৭ অর্থবছরের ষষ্ঠ লটে ৪০ হাজার টন বাল্ক দানাদার ইউরিয়া আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। অতিরিক্ত ১০ শতাংশসহ এই চালানে ব্যয় হবে ২২৮ কোটি ৮৯ লাখ ৮৬ হাজার ১৪০ টাকা।

সরকারি পর্যায়ের চুক্তির আওতায় ২০০৭ সাল থেকে সাবিকের কাছ থেকে ইউরিয়া আমদানি করা হচ্ছে। চলতি অর্থবছরে প্রতিষ্ঠানটি থেকে মোট ৩ লাখ ২০ হাজার টন ইউরিয়া আমদানির চুক্তি হয়েছে।

বিজ্ঞাপন

ষষ্ঠ লটের জন্য প্রতি টন ইউরিয়ার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৬৩ দশমিক ১৭ মার্কিন ডলার। ৪০ হাজার টনের মোট মূল্য ১ কোটি ৮৫ লাখ ২৬ হাজার ৮০০ মার্কিন ডলার।

সংযুক্ত আরব আমিরাত থেকেও ৪০ হাজার টন

সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের প্রথম লটে ৪০ হাজার টন বাল্ক দানাদার ইউরিয়া আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। অতিরিক্ত ১০ শতাংশসহ এ চালানে ব্যয় হবে ২৬৯ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা।

বিজ্ঞাপন

গত ২৩ সেপ্টেম্বর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর প্রতিষ্ঠানটির সঙ্গে চলতি অর্থবছরে ৩ লাখ ২০ হাজার টন ইউরিয়া আমদানির সংশোধিত চুক্তি করা হয়। সংশোধিত চুক্তিতে এফওবি শর্তের পাশাপাশি সিএফআর শর্তও যুক্ত হয়েছে।

সিএফআর ভিত্তিতে প্রথম লটের ৪০ হাজার টন ইউরিয়া আমদানির মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ১৮ লাখ মার্কিন ডলার।

মরক্কো থেকে ৮০ হাজার টন ডিএপি

বিজ্ঞাপন

মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে সরকারি পর্যায়ের চুক্তির আওতায় ষষ্ঠ ও সপ্তম লটে ৪০ হাজার টন করে মোট ৮০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

প্রতিটি লটে ব্যয় হবে ৪৩৩ কোটি ৭৬ লাখ ৪২ হাজার টাকা। ফলে দুই লটে ৮০ হাজার টন ডিএপি আমদানিতে মোট খরচ হবে ৮৬৭ কোটি ৫২ লাখ ৮৪ হাজার টাকা।

চুক্তি অনুযায়ী প্রতি টন ডিএপির দাম ৮৭৭ মার্কিন ডলার। প্রতিটি লটে ৪০ হাজার টন করে সার, অতিরিক্ত ১০ শতাংশসহ, আমদানি করা হবে।

বিজ্ঞাপন

২০২৬-২৭ অর্থবছরে মরক্কো থেকে ডিএপি আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৬০ হাজার টন। এর মধ্যে ইতোমধ্যে ৩ লাখ ৬০ হাজার টন আমদানি করা হয়েছে।

একই দেশ থেকে ৭০ হাজার টন টিএসপি

মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে অষ্টম ও নবম লটে মোট ৭০ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অষ্টম লটে ৩০ হাজার টন টিএসপি, অতিরিক্ত ১০ শতাংশসহ, আমদানিতে ব্যয় হবে ২৪৭ কোটি ৬৭ লাখ ২১ হাজার ৮৬৫ টাকা। এ লটে প্রতি টন সারের দাম ৬৬৭ দশমিক ৬৭ মার্কিন ডলার এবং মোট মূল্য ২ কোটি ৩০ লাখ ১০০ মার্কিন ডলার।

নবম লটে ৪০ হাজার টন টিএসপি, অতিরিক্ত ১০ শতাংশসহ, আমদানিতে খরচ হবে ৩৩০ কোটি ২২ লাখ ৯৫ হাজার ৮২০ টাকা। এ লটের মোট মূল্য ২ কোটি ৬৭ লাখ ৬ হাজার ১০০ মার্কিন ডলার। এখানেও প্রতি টন টিএসপির দাম ৬৬৭ দশমিক ৬৭ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

আগের চুক্তির কার্যক্রম শেষ হওয়ার পর গত ২৫ জুন মরক্কোর সঙ্গে চুক্তি নবায়ন করা হয়। সেই চুক্তিতে নির্ধারিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করেই টিএসপির দাম নির্ধারণ করা হয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে টিএসপি সার আমদানির লক্ষ্যমাত্রা ৪ লাখ ৮২ হাজার টন। এর মধ্যে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এখন পর্যন্ত ২ লাখ ২০ হাজার টন টিএসপি আমদানির অনুমোদন দিয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD