যাত্রীর পায়ুপথে লুকানো ১ কোটি ৭৪ লাখ টাকার স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা পেস্টের মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম। কাস্টমসের হিসাবে এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি৯-৫১৮ ফ্লাইটে ঢাকায় আসা এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, স্বর্ণ চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন এলাকায় নজরদারি চালাচ্ছিল প্রিভেন্টিভ টিম। এরই ধারাবাহিকতায় ইমিগ্রেশন শেষে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় যাত্রী আরমান উদ্দিন সিদ্দিকীকে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে তার পায়ুপথে বিশেষভাবে লুকানো সাদা কসটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্টসদৃশ বস্তু পাওয়া যায়। পরে পরীক্ষা করে সেগুলো স্বর্ণ বলে শনাক্ত করা হয়। উদ্ধার হওয়া তিনটি পেস্টের প্রতিটির ওজন প্রায় ৪৩০ গ্রাম করে। সব মিলিয়ে ওজন দাঁড়ায় ১ হাজার ২৯০ গ্রাম।
বিজ্ঞাপন
কাস্টমসের তথ্য অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট। স্বর্ণকারের প্রত্যয়ন অনুসারে, এসব ডিম্বাকৃতির পেস্ট পরিশোধনের পর আনুমানিক ১ কেজি খাঁটি স্বর্ণ পাওয়া যেতে পারে।
উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
এ ঘটনায় যাত্রী আরমান উদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।








