Logo

বিশ্ববাজারে সোনার দাম আরও বাড়লো

profile picture
জনবাণী ডেস্ক
৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৪
বিশ্ববাজারে সোনার দাম আরও বাড়লো
ছবি: সংগৃহীত

মার্কিন ডলারের দরপতন, সরকারি বন্ডের সুদ কমা এবং জ্বালানি তেলের দাম হ্রাসের প্রভাবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আবারও বেড়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুর দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ভবিষ্যতে সুদের হার বাড়াবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ১৭৭ ডলার ৪৪ সেন্টে পৌঁছায়। এর আগে বুধবার সোনার দাম গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। বৃহস্পতিবারও দাম বাড়ার প্রবণতা দেখা যায়।

এদিকে মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম হ্রাস পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না ওয়াশিংটন। দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধের আলোচনা এগিয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। এতে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা কিছুটা কমেছে।

তবে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা সোনার বাজারে অনিশ্চয়তা বজায় রেখেছে।

বিজ্ঞাপন

বিনিয়োগ প্রতিষ্ঠান ক্রিটিক্যাল মেটালসের প্রধান নির্বাহী টনি সেইজ বলেন, ভবিষ্যতে সুদের হার বাড়ানো হলে সোনার দাম আবারও চাপের মুখে পড়তে পারে। এ কারণে যুক্তরাষ্ট্রের আসন্ন অর্থনৈতিক তথ্যের দিকে বিনিয়োগকারীরা নজর রাখছেন। এসব তথ্য থেকে কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী মুদ্রানীতি সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, অর্থনৈতিক তথ্য প্রত্যাশার চেয়ে দুর্বল হলে কিংবা কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যে সুদের হার নিয়ে নমনীয়তার ইঙ্গিত মিললে সরকারি বন্ডের সুদ কমতে পারে। এমন পরিস্থিতিতে সোনার দাম বাড়ার সুযোগ তৈরি হবে।

গত মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক নীতিগত সুদের হার ০.২৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়েছিল। সেন্ট লুইস ফেডের প্রেসিডেন্ট আলবার্তো মুসালেমের মতে, মূল্যস্ফীতিকে ২ শতাংশের লক্ষ্যে ফিরিয়ে আনতে সুদের হার আরও বাড়ানোর প্রয়োজন হতে পারে। তবে চলতি মাসের বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া উচিত, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো অবস্থান জানাননি।

বিজ্ঞাপন

বাজারের পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরে যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ানোর সম্ভাবনা ১৭ শতাংশ। আর ডিসেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ৮৩ শতাংশ বলে ধারণা করা হচ্ছে।

সাধারণত মূল্যস্ফীতির ঝুঁকি থেকে সুরক্ষা পেতে বিনিয়োগকারীরা সোনায় বিনিয়োগ করেন। তবে সোনা থেকে সরাসরি সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার বাড়লে সুদবিহীন এই সম্পদের আকর্ষণ কমতে পারে। এ কারণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের ভবিষ্যৎ সিদ্ধান্ত সোনার দামের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD