Logo

আমদানি করা গমের মান যাচাইয়ে কঠোর হওয়ার নির্দেশ খাদ্যমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম
১১ অক্টোবর, ২০২৬, ২০:২০
আমদানি করা গমের মান যাচাইয়ে কঠোর হওয়ার নির্দেশ খাদ্যমন্ত্রীর
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের গুণগত মান যাচাই, সংরক্ষণ ও সরবরাহের প্রতিটি ধাপে কঠোর নজরদারি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। খাদ্যশস্যের মান পরীক্ষায় নির্ধারিত মানদণ্ড যথাযথভাবে অনুসরণ এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

রবিবার (১১ অক্টোবর) চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা বহির্নোঙরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমবাহী জাহাজ এমভি ‘স্প্রিং স্কাই’ পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, খাদ্যশস্যের মান পরীক্ষার ক্ষেত্রে নির্ধারিত প্যারামিটার ও মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে, যাতে নিম্নমানের খাদ্যশস্য গ্রহণ বা সরবরাহের কোনো সুযোগ না থাকে।

খাদ্যমন্ত্রী আরও বলেন, খাদ্য আমদানি থেকে শুরু করে পরিবহন, সংরক্ষণ, পরীক্ষণ ও বিতরণ—প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় থাকা জরুরি। কোনো পর্যায়ে দায়িত্বে অবহেলা হলে পুরো খাদ্য সরবরাহ ব্যবস্থায় এর প্রভাব পড়তে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে আফরোজা খানম বলেন, জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। খাদ্যশস্যের মান যাচাই এবং সংশ্লিষ্ট প্রতিবেদন তৈরির ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এসব প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, দেশের কোনো মানুষ যেন খাদ্যসংকটে না পড়েন এবং প্রত্যেকের কাছে যেন সময়মতো খাদ্য পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্য নিয়ে সবাইকে কাজ করতে হবে। খাদ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি, দক্ষতা ও সমন্বয় নিশ্চিত করার পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলো সমাধানে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া হবে।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দেশপ্রেম, সততা ও পেশাগত নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD