দুর্গাপূজার কেনাকাটায় জমজমাট নিউমার্কেট, বেড়েছে ক্রেতাদের ভিড়

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে রাজধানীর নিউমার্কেট ও আশপাশের বিপণিবিতানগুলোতে জমে উঠেছে কেনাকাটা। ছুটির দিনে সকাল থেকেই নতুন পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে ভিড় করছেন ক্রেতারা। উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পরিবারের সদস্য ও স্বজনদের জন্য কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন অনেকে। ক্রেতাদের উপস্থিতি বাড়ায় বিক্রেতাদের মধ্যেও দেখা দিয়েছে বাড়তি ব্যস্ততা।
বিজ্ঞাপন
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে নিউমার্কেট এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। পূজার আগে শেষ মুহূর্তের ভিড় এড়াতে অনেকেই আগেভাগে কেনাকাটা সেরে নেওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে ছুটির দিনকে কাজে লাগিয়ে পরিবার নিয়ে পছন্দের পোশাক কিনতে এসেছেন বিভিন্ন বয়সী মানুষ।
ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, পূজার সময় নিউমার্কেট এলাকায় মানুষের চাপ ও যানজট বেড়ে যাওয়ায় কেনাকাটা করতে ভোগান্তিতে পড়তে হয়। এ কারণে অনেকে আগেভাগেই বাজার করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ছুটির দিনে ক্রেতাদের ব্যাপক উপস্থিতিতে দোকান ও ফুটপাতের পোশাকের দোকানগুলোতে ব্যস্ততা বেড়েছে।
এবারের কেনাকাটায় ফুটপাতের দোকানগুলোতেও ক্রেতাদের ভালো উপস্থিতি দেখা গেছে। সেখানে শার্ট, প্যান্ট, টি-শার্ট, থ্রি-পিস, শিশুদের পোশাকসহ বিভিন্ন ধরনের কাপড় সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। দাম ও পছন্দের বৈচিত্র্য থাকায় ক্রেতারা নিজেদের সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতাদের কাছে ফুটপাতের দোকানগুলো বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। তুলনামূলক কম দামে পোশাক পাওয়ায় অনেকেই এসব দোকান থেকে পরিবারের সদস্যদের জন্য একাধিক পোশাক কিনছেন। পছন্দের পণ্য বেছে নেওয়ার পাশাপাশি দরদাম করতেও দেখা গেছে ক্রেতাদের।
কেনাকাটা করতে আসা দীপ্তি বিশ্বাস বলেন, “কিছুদিন পরে পূজা। শেষ মুহুর্তে ভিড় জমবে তাই আগেই কেনাকাটা করতে আসলাম। এখন স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছি।”
আরেক ক্রেতা অলোক মণ্ডল বলেন, “বৌ-বাচ্চা নিয়ে কেনাকাটা করতে আসছি। মার্কেট থেকে কিছু কেনাকাটা করলাম। ফুটপাত থেকেও কিনলাম। কাপড় প্রায় একই। ফুটপাতে একটু কম দামে কিনতে পারা যায়।”
বিজ্ঞাপন
নিউমার্কেটের গ্লোব শপিং মার্কেটের বিক্রেতা আমানুর বলেন, “বিক্রি হচ্ছে ভালোই। এমনিতেই ছুটির দিনে একটু ভিড় থাকে, তারপর সামনে পূজাকে কেন্দ্র করে ক্রেতা সমাগম বেশী। আমরা ভালো বিক্রি নিয়ে আশাবাদী।”
ফুটপাতের বিক্রেতা রবিন বলেন, “আমরা অল্প লাভে মাল বিক্রি করি। আমাদের সেল বেশি, লাভ কম। বেশি বিক্রি হওয়ায় পুষিয়ে যায়। ভালো বেঁচাবিক্রি হচ্ছে। সকাল থেকেই ভিড়। রাত পর্যন্ত ভিড় থাকবে।”
ক্রেতাদের বাড়তি উপস্থিতিতে নিউমার্কেট এলাকার প্রধান সড়কেও যানজট তৈরি হয়েছে। সাধারণ ছুটির দিনে সড়ক তুলনামূলক ফাঁকা থাকলেও এদিন পরিস্থিতি ছিল ভিন্ন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশের টহল গাড়ি দেখা গেছে।
বিজ্ঞাপন
সব মিলিয়ে দুর্গাপূজাকে কেন্দ্র করে নিউমার্কেট এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। একদিকে পছন্দের পোশাক কেনার আনন্দ, অন্যদিকে ক্রেতাদের চাপ সামলাতে ব্যস্ত ব্যবসায়ীরা। তবে ভিড় ও যানজট এড়িয়ে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে ক্রেতাদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞরা।








