দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, কারা পাবেন প্রজ্ঞাপনে জানাল সরকার

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ১৭ অক্টোবর শনিবার সরকারি-বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। বুধবার (৭ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর—মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার—ছুটি থাকবে।
তবে এর আগে ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে। ফলে পূজার আগে ও পরের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে অনেকের জন্য টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন।
বিজ্ঞাপন
হাসপাতাল ও জরুরি সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও ছুটির আওতায় থাকবেন না। চিকিৎসক ও চিকিৎসাকর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন এবং সংশ্লিষ্ট কর্মীদের ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে না। জরুরি কাজে নিয়োজিত অফিসগুলোও ছুটির বাইরে থাকবে।
ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।
বেসরকারি শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ ছুটি কার্যকরের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।








