শিক্ষকদের বেতন ১০ তারিখের মধ্যে দিতে ব্যবস্থা নেবে সরকার

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ নিশ্চিত করার বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, বেতন প্রদানে বিলম্ব হলে তা পর্যালোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কোনো মাসে বিশেষ কারণে বেতন পরিশোধে দেরি হলে সেই কারণ খতিয়ে দেখা হবে। যদি দেওয়ার ব্যবস্থা থাকার পরও বিলম্ব ঘটে, তাহলে কেন হলো না—তা যাচাই করা হবে। প্রয়োজন হলে প্রক্রিয়া দ্রুততর করার ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে শিক্ষকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দাবি-দাওয়া থাকতেই পারে, তবে শ্রেণিকক্ষ ছেড়ে আন্দোলনে যাওয়াকে তিনি সমর্থন করেন না। শিক্ষকদের দায়িত্ব হলো পাঠদান নিশ্চিত করা। দাবি থাকলে তা নির্ধারিত প্রক্রিয়ায় উপস্থাপন করলে মন্ত্রণালয় তা বিবেচনায় নেবে।
তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্টরা সরকারের বার্তা ইতোমধ্যে পেয়েছেন এবং সে অনুযায়ী দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
নিজের বিরুদ্ধে ওঠা এক পুরোনো অভিযোগের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ উপস্থাপন করা যায়নি। অতীতে একটি অভিযোগ প্রকাশিত হলে তিনি তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ প্রমাণের আহ্বান জানিয়েছিলেন বলেও উল্লেখ করেন। প্রমাণিত হলে পদত্যাগ করবেন—এমন ঘোষণাও তিনি দিয়েছিলেন বলে জানান মন্ত্রী।
বিজ্ঞাপন
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বিতরণ প্রক্রিয়া আরও কার্যকর ও সময়োপযোগী করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের নির্দেশ দেওয়া হতে পারে। সময়মতো বেতন পরিশোধ নিশ্চিত হলে শিক্ষক সমাজে অসন্তোষ কমবে এবং শিক্ষা কার্যক্রমে স্থিতিশীলতা বজায় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








