৩৮ হাজার পুরুষ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ লেখা ‘ফিমেল’

বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে ভুল লিঙ্গ (জেন্ডার) লেখা হয়েছে। মোট কমপক্ষে ৩৮ হাজার পুরুষ শিক্ষার্থীর কার্ডে ‘ফিমেল’ বা নারী হিসেবে তথ্য অন্তর্ভুক্ত হয়েছে। এসব ত্রুটিপূর্ণ কার্ড ইতিমধ্যেই কলেজগুলোতে বিতরণ করা হয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট উদ্বেগ এবং ভোগান্তি তৈরি করেছে।
বিজ্ঞাপন
এইচএসসি পরীক্ষা শুরুর আগে রেজিস্ট্রেশনে লিঙ্গ ভুল আসায় অনেক শিক্ষার্থী বিপাকে পড়েছেন। ভুল কার্ড হাতে পাওয়ার পর শিক্ষার্থীরা ছুটছেন কলেজে, আর কলেজ কর্তৃপক্ষ বোর্ডের সঙ্গে যোগাযোগ করতে ব্যস্ত হয়েছেন।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জিএম শহিদুল ইসলাম বলেন, কম্পিউটার অপারেটরের অসাবধানতার কারণে এই ভুল হয়েছে। তাকে শোকজ করা হয়েছে। পরীক্ষার আগেই ভুল ধরা পড়ায় এখন সমাধান করা সহজ হয়েছে। আমরা সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশনের ভুল সংশোধন করছি। শিক্ষার্থীদের হয়রানির কোনো সুযোগ নেই।
বিজ্ঞাপন
বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দীকী জানান, চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বরিশাল বোর্ডের অধীনে মোট ৮১,৮৩১ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ৩৭,৯৪৪ জন ছাত্র এবং ৪৩,৮৮৭ জন ছাত্রী। প্রাথমিকভাবে প্রায় ৩০ হাজার কার্ডে লিঙ্গ ভুল থাকার সম্ভাবনা রয়েছে। বোর্ড ইতিমধ্যেই নতুন করে কার্ড ছাপিয়ে ভুল সংশোধন করছে।
বিভাগীয় শিক্ষক-কর্মচারী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল বলেন, শিক্ষার্থীদের হাতে ভুল কার্ড পৌঁছানো মানসিকভাবে আঘাত দিয়েছে। এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। নতুন কার্ড ছাপাতে যে অর্থ ব্যয় হবে, সেটি কলেজের ওপর চাপানো যাবে না; বোর্ডকেই এটি বহন করতে হবে।
বিজ্ঞাপন
বরিশাল বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষা সম্ভবত আগামী জুন মাসে শুরু হবে। রেজিস্ট্রেশন সাধারণত কলেজে প্রথম বর্ষে ভর্তির ছয় মাস পর সম্পন্ন হয় এবং পরীক্ষা শুরুর এক মাস আগে প্রিন্ট করা হয়। সম্প্রতি ঢাকা বোর্ড থেকে ৮১,৮৩১ জন পরীক্ষার্থীর কার্ড প্রিন্ট করা হয়েছে এবং ইতিমধ্যেই চারটি জেলার কলেজে বিতরণ করা হয়েছে।
বোর্ড কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন, পরীক্ষার আগেই সব ভুল ঠিক করা হবে, তাই শিক্ষার্থীদের পরীক্ষায় কোনো সমস্যা হবে না।








