Logo

শিক্ষকদের দাবি পূরণে কাজ শুরু, রাজপথে নামতে হবে না

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:১৩
শিক্ষকদের দাবি পূরণে কাজ শুরু, রাজপথে নামতে হবে না
ছবি: সংগৃহীত

শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে রাজপথে নামার প্রয়োজন হবে না বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার ধাপে ধাপে শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে।

বিজ্ঞাপন

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিভিন্ন দাবি-দাওয়া, নিয়োগ প্রক্রিয়া, আর্থিক সুবিধা ও প্রশাসনিক জটিলতা নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, বাজেটসংক্রান্ত কিছু সীমাবদ্ধতা থাকলেও শিক্ষকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নতুন বাজেটে সব দাবি একসঙ্গে অন্তর্ভুক্ত করা সম্ভব না হলেও বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে এবং পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা চলবে। সরকার শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এসব অভিযোগ ধাপে ধাপে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্কুল ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি-সংক্রান্ত বিষয়েও সংস্কারের আলোচনা চলছে। একই ব্যক্তি একাধিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবেন কি না—এ বিষয়টি সংশ্লিষ্ট সভায় বিবেচনা করা হবে।

বেসরকারি শিক্ষক নিয়োগ ও নিবন্ধন প্রক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রী এনটিআরসি-এর কার্যক্রম পর্যালোচনার কথা উল্লেখ করেন। নিয়োগ ব্যবস্থায় যেসব পরিবর্তন এসেছে, সেগুলো পুনর্বিবেচনা করে প্রয়োজন হলে সংশোধন আনা হবে। কোথায় ঘাটতি রয়েছে, তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

দুর্নীতির বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে মন্ত্রী বলেন, শিক্ষা খাতে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কঠোর নজরদারি থাকবে। অবসর ভাতা, কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন আর্থিক সুবিধা নিয়ে শিগগিরই বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বর্তমান সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে শিক্ষা খাত বিশেষ অগ্রাধিকার পাচ্ছে। সাম্প্রতিক মন্ত্রিসভা বৈঠকেও শিক্ষা-সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভুঁইয়া। সভা শেষে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন যে, আলোচনার ধারাবাহিকতায় শিক্ষক সমাজের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD