Logo

সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল, ২০২৬, ১৭:২৯
সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি
ছবি: সংগৃহীত

দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট কাটিয়ে পাঠদান কার্যক্রম সচল রাখতে জরুরি নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের তালিকা তৈরি করে প্রয়োজন অনুযায়ী তাদের মাধ্যমে শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়। চিঠিটি দেশের সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক স্বল্পতা রয়েছে। পাশাপাশি শিক্ষক নিয়োগের দায়িত্বপ্রাপ্ত সংস্থা এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় অনেক ক্ষেত্রে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় বিকল্প ব্যবস্থা হিসেবে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি উপজেলায় অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের নিয়ে একটি ‘শিক্ষক পুল’ গঠন করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শ অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির অনুমোদন নিতে হবে।

এছাড়া প্রয়োজন অনুযায়ী এই পুল থেকে সাময়িক ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিয়ে শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম চালু রাখতে বলা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা কার্যক্রমে বিঘ্ন কমানো সম্ভব হবে বলে মনে করছে মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এসব অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানী সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের জরুরি খাত থেকে বহন করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এই পদক্ষেপকে শিক্ষক সংকট নিরসনে তাৎক্ষণিক সমাধান হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে করে অভিজ্ঞ শিক্ষকদের সম্পৃক্ততা বাড়বে এবং শিক্ষার মান বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD