Logo

প্রধানমন্ত্রী বগুড়াকে দেশের ‘শিক্ষা হাব’ করতে চান: শিক্ষামন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
১৪ এপ্রিল, ২০২৬, ১৬:১২
প্রধানমন্ত্রী বগুড়াকে দেশের ‘শিক্ষা হাব’ করতে চান: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

বগুড়াকে দেশের অন্যতম শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যাশা— বগুড়া হবে বাংলাদেশের একটি শক্তিশালী শিক্ষা কেন্দ্র বা ‘এডুকেশনাল হাব’। একইসঙ্গে এ অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয়ে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, অতীতে ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে উত্তরাঞ্চলে বহু শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। এসব প্রতিষ্ঠানে সুষ্ঠুভাবে পাঠদান নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্টদের ওপর বর্তায়। পাশাপাশি বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস স্থাপন এবং প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বগুড়া শিক্ষা খাতে একটি নতুন দিগন্তের সূচনা করবে।

বগুড়ায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ একসময় বন্ধ হয়ে গেলেও বর্তমান সরকার পুনরায় এ বিষয়ে কাজ শুরু করেছে বলেও জানান শিক্ষামন্ত্রী। তার মতে, এসব উদ্যোগ সফল হলে বগুড়াই হয়ে উঠবে দেশের প্রধান শিক্ষা কেন্দ্র।

এ সময় তিনি দেশের উন্নয়নে পূর্ববর্তী নেতৃত্বের অবদান তুলে ধরে বলেন, তিস্তা ব্যারেজসহ বৃহৎ প্রকল্প বাস্তবায়নে দূরদর্শী পরিকল্পনার প্রয়োজন হয়। কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে অতীতের উদ্যোগগুলো উত্তরাঞ্চলের অর্থনীতিকে শক্তিশালী করেছে।

বিজ্ঞাপন

শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি—এই তিন খাতে উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, কৃষিতে নতুন প্রযুক্তির ব্যবহার এবং উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সবশেষে শিক্ষামন্ত্রী বলেন, কৃষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। কারণ কৃষক ও সাধারণ মানুষের উন্নয়নই দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD