Logo

কামিল মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৮.২০ শতাংশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট, ২০২৬, ১৮:৪৬
কামিল মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৮.২০ শতাংশ
ছবি: সংগৃহীত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স) পরীক্ষা-২০২৪-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় ৮৮ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান ভাইস চ্যান্সেলরের কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।

ফলাফল ঘোষণার সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা

বিজ্ঞাপন

ফলাফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করার পাশাপাশি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য একটি শিক্ষা ব্যবস্থায় রূপ দিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশের জন্য পরীক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

মেধাতালিকায় শীর্ষে দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা

বিজ্ঞাপন

এবারের কামিল পরীক্ষার সিজিপিএভিত্তিক মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছে ঢাকার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা এবং সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা। তৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রামের নেছারিয়া কামিল মাদ্রাসা।

ছয় বিষয়ে অনুষ্ঠিত হয় পরীক্ষা

এবার সারাদেশের ৬৩টি কেন্দ্রে এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স) পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকাহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে শিক্ষার্থীরা অংশ নেন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার ফলাফলসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফলাফল পোর্টালে পাওয়া যাবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD