Logo

দিনাজপুর বোর্ডে ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
৩১ অক্টোবর, ২০২৬, ১৪:০৯
দিনাজপুর বোর্ডে ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
ছবি: সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে অবনতি দেখা গেছে। এবার বোর্ডের অধীনে ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। বিপরীতে শতভাগ পাস করেছে মাত্র ছয়টি প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বোর্ডের ফলাফল অনুযায়ী, এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৯৮ শতাংশ। মোট ২ হাজার ৯৫৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমার বিপরীতে বেড়েছে শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫৭ দশমিক ৪৯ শতাংশ। এবার তা কমে হয়েছে ৪৫ দশমিক ৯৮ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১১ দশমিক ৫১ শতাংশীয় পয়েন্ট।

জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। গত বছর এ বোর্ডে ৬ হাজার ২৬০ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড পেয়েছিলেন। এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯৫৩ জনে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলেও নেতিবাচক চিত্র দেখা গেছে। গত বছর দিনাজপুর বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছিলেন। এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ছয়টিতে।

অন্যদিকে, গত বছর ৪৩টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি। এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪৯টি।

সামগ্রিকভাবে গত বছরের তুলনায় দিনাজপুর শিক্ষা বোর্ডের ফলাফলে অবনতি হয়েছে। বিশেষ করে পাসের হার, জিপিএ-৫ এবং প্রতিষ্ঠানভিত্তিক সাফল্যের পরিসংখ্যান শিক্ষা খাতের জন্য উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD