Logo

কলকাতা যতবার ডাকবে, ততবার আসব : আরিফিন শুভ

profile picture
বিনোদন প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:০১
কলকাতা যতবার ডাকবে, ততবার আসব : আরিফিন শুভ
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে হাজির হচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ভারতীয় ওয়েব সিরিজ জাজ সিটি। ইতোমধ্যে সিরিজটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে এবং জোরকদমে চলছে প্রচারণা।

বিজ্ঞাপন

প্রচার কার্যক্রমে অংশ নিতে সম্প্রতি কলকাতা সফরে গেছেন শুভ। সেখানে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন-কে দেওয়া এক সাক্ষাৎকারে কাজ, সহশিল্পী ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

‘জাজ সিটি’ নিয়ে শুভ বলেন, ভারী বা জটিল বিষয়কে বিনোদনের ছাঁচে উপস্থাপন করা সহজ নয়। তবে পরিচালক সৌমিক সেন কৌতুক, ব্যঙ্গ ও বুদ্ধিদীপ্ত সংলাপের মাধ্যমে বিষয়টিকে সহজভাবে তুলে ধরেছেন।

বিজ্ঞাপন

সিরিজে শুভ অভিনয় করেছেন ‘জিমি রায়’ চরিত্রে—যা একটি ভারতীয় চরিত্র। কাজের প্রয়োজনে তাকে একাধিক ভাষায় সংলাপ বলতে হয়েছে। অডিশন প্রসঙ্গে তিনি বলেন, নিজেকে তিনি আগে বিশ্বনাগরিক ভাবতে ভালোবাসেন; কাজের ক্ষেত্রে ভৌগোলিক সীমারেখা তার কাছে বড় বাধা নয়।

সহশিল্পী সৌরসেনী মৈত্র-র সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে শুভ জানান, শুটিংয়ের দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর ফলে তাদের বোঝাপড়া আরও দৃঢ় হয়েছে। এর আগেও একসঙ্গে কাজ করলেও এবারের অভিজ্ঞতা ছিল ভিন্ন ও আরও গভীর।

দুই বাংলায় ভবিষ্যৎ কাজ নিয়ে সরাসরি কিছু না বললেও কলকাতার প্রতি নিজের আবেগ স্পষ্ট করেছেন শুভ। তার ভাষায়, “কলকাতা যদি আবার ডাকে, কাজ করব। কলকাতা আমায় যতবার ডাকবে, ততবার আসব।”

বিজ্ঞাপন

সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে শুভকে দেখা গেছে গাঢ় সবুজ স্যাটিন স্যুট ও সানগ্লাসে স্টাইলিশ লুকে। প্রচার অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি সিরিজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পরিচালক-প্রযোজক ও সহশিল্পীদের সঙ্গে পুনর্মিলনী হওয়াটাকে তিনি বিশেষ আনন্দের মুহূর্ত বলেও উল্লেখ করেন।

সব মিলিয়ে ‘জাজ সিটি’ দিয়ে আন্তর্জাতিক পরিসরে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন আরিফিন শুভ—এমনটাই মনে করছেন তার ভক্তরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD