Logo

পরিবারের সঙ্গে ঘরোয়া আয়োজনে মেহজাবীনের বৈশাখ উদযাপন

profile picture
বিনোদন প্রতিবেদক
১৪ এপ্রিল, ২০২৬, ১৩:০৫
পরিবারের সঙ্গে ঘরোয়া আয়োজনে মেহজাবীনের বৈশাখ উদযাপন
মেহজাবীন চৌধুরী। ছবি ফেসবুক থেকে নেওয়া

বাংলা নববর্ষকে সামনে রেখে উৎসবের আবহ ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে চারদিকে। নতুন বছর ১৪৩৩-কে স্বাগত জানাতে পয়লা বৈশাখের আগেই উদযাপনে মেতে উঠেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ঘরোয়া আয়োজনে বৈশাখের আনন্দ ভাগ করে নিতে নিজের কিছু বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা ছবিগুলোতে দেখা যায়, পরিবারের সদস্যদের নিয়ে প্রাণবন্ত এক পরিবেশে উৎসবে মেতেছেন এই অভিনেত্রী। বৈশাখী সাজে ধরা দিয়েছেন তিনি; তার সঙ্গে ছিলেন ছোট বোন মাইলাইকা চৌধুরী। পুরো আয়োজনের পেছনে সাজানো হয়েছিল বড় একটি রঙিন সূর্যের প্রতিকৃতি, আর চারপাশে কাগজের ফুল, হাতপাখা ও ঘুড়ি দিয়ে তৈরি করা হয়েছিল নান্দনিক পরিবেশ। সেখানে স্পষ্ট করে লেখা ছিল ‘শুভ নববর্ষ ১৪৩৩’, যা পুরো আয়োজনকে আরও উৎসবমুখর করে তুলেছে।

এই আয়োজন শুধু সাজসজ্জাতেই সীমাবদ্ধ ছিল না; ছিল ঐতিহ্যবাহী বৈশাখী খাবারেরও সমাহার। মাটির বাসনে পরিবেশন করা হয়েছিল ইলিশ ভাজা, নানা ধরনের ভর্তা এবং বাঙালির পরিচিত নানা পদ। খাবারের পাশাপাশি ছিল সাংস্কৃতিক পর্বও। কিছু ছবিতে হারমোনিয়াম ও তবলার উপস্থিতি চোখে পড়ে, যা দিয়ে গান পরিবেশনের আয়োজন করা হয়েছিল বলে ধারণা পাওয়া যায়।

বিজ্ঞাপন

শুধু এই ঘরোয়া আয়োজনই নয়, মেহজাবীন একটি ছোট ভিডিও প্রকাশ করেছেন, যা নেটিজেনদের বেশ নজর কেড়েছে। ভিডিওতে তাকে পুরোপুরি বৈশাখী সাজে দেখা যায়। লাল পেড়ে সাদা শাড়ির সঙ্গে মিল রেখে হাতে পরেছেন লাল চুড়ি এবং গলায় পাথরের চোকার। খোলা চুলে মেহজাবীনকে দেখতে অত্যন্ত স্নিগ্ধ লাগছিল। ভিডিওতে গানের তালে নেচে ও ঘুরে নিজের সাজটি ভক্তদের সামনে তুলে ধরেন তিনি। তার এই সাবলীল ভঙ্গি ও প্রাণবন্ত হাসি মুহূর্তেই নেটিজেনদের মুগ্ধ করেছে।

মেহজাবীনের এই পোস্টে অনেক নেটিজেনই তাকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। কেউ তার দেশীয় সাজের প্রশংসা করেছেন, আবার কেউ পরিবারের সঙ্গে এমন সুন্দর মুহূর্ত কাটানোর বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন

সব মিলিয়ে মেহজাবীনের জন্য সময়টা বেশ ভালোই যাচ্ছে। এবারের ঈদে মুক্তি পাওয়া ওয়েবফিল্ম ‘ক্যাকটাস’-এ তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় শিল্পী ও অভিনেতা প্রীতম হাসান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD