Logo

লতা-আশা ভোঁসলের মৃত্যুতে অবাক করা যত মিল

profile picture
বিনোদন ডেস্ক
১৩ এপ্রিল, ২০২৬, ১৭:২৭
লতা-আশা ভোঁসলের মৃত্যুতে অবাক করা যত মিল
ছবি: সংগৃহীত

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে লতা মঙ্গেশকরের ছোট বোন ছিলেন। দুজনের কেউই আর বেঁচে নেই। গত রবিবার (১২ এপ্রিল ) আশা ভোঁসলে চিরবিদায় নিয়েছেন। তার এই প্রয়াণের পর ভক্তদের নজরে এসেছে কিছু অদ্ভুত কাকতালীয় মিল। মনে হচ্ছে দুই বোনের মৃত্যু যেন একই সুতোয় গাঁথা!

বিজ্ঞাপন

লতা ও আশার প্রয়াণের বিস্তারিত তথ্য খতিয়ে দেখলে দেখা যায়, ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ঠিক চার বছর পর ২০২৬ সালের ১২ এপ্রিল তার ছোট বোন আশা ভোঁসলে পৃথিবীর মায়া ত্যাগ করেন—তার বয়সও ছিল ঠিক ৯২ বছর। শুধু বয়স নয়, দুই বোনই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন মুম্বাইয়ের একই হাসপাতাল ব্রিচ ক্যান্ডিতে।

চিকিৎসা বিজ্ঞানের নথিতেও দুই কিংবদন্তির বিদায়ের ধরনে কোনো পার্থক্য নেই। বার্ধক্যজনিত নানা জটিলতার পাশাপাশি লতা মঙ্গেশকর মারা গিয়েছিলেন মাল্টি অর্গান ফেলিওরে—শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে। একই শারীরিক জটিলতায় ভুগে শেষ নিশ্বাস ত্যাগ করলেন আশা ভোঁসলেও। এমনকি দুই বোনের বিদায়ের দিনটিও ছিল সপ্তাহের একই দিন—রবিবার।

বিজ্ঞাপন

দীর্ঘ ক্যারিয়ারে লতা ও আশার মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই নিয়ে সংগীতাঙ্গনে অনেক মুখরোচক গল্প চালু ছিল। বহুবার তাদের মনোমালিন্য ও একে অপরের সঙ্গে কথা বন্ধ রাখার খবরও শিরোনাম হয়েছে। তবে সময়ের সঙ্গে সেই তিক্ততা অনেক আগেই মিলিয়ে গিয়েছিল। জীবনের অন্তিম পর্যায়ে এসে বয়স, স্থান, শারীরিক কারণ ও দিনের এমন হুবহু মিল যেন প্রমাণ করে দিল—দিনশেষে তারা সবসময় একে অপরের ছায়াসঙ্গীই ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD