Logo

আবেগের বশে বিয়ে করা সিদ্ধান্তটি ভুল ছিল: অপু বিশ্বাস

profile picture
বিনোদন প্রতিবেদক
১৩ এপ্রিল, ২০২৬, ১৭:৫৯
আবেগের বশে বিয়ে করা সিদ্ধান্তটি ভুল ছিল: অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

পর্দায় উপস্থিতি কম থাকলেও আলোচনায় সবসময়ই থাকেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধন, ব্র্যান্ড প্রচারণা কিংবা সামাজিক মাধ্যমে নতুন লুকে হাজির হয়ে নিয়মিতই ভক্তদের নজরে থাকেন তিনি। তবে পেশাগত কাজের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকদের আগ্রহ কম নয়।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। সেখানে বিয়েকে জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে দেখেন কি না—এমন প্রশ্নে তিনি স্পষ্ট করে বলেন, অল্প বয়সে আবেগের বশে নেওয়া ওই সিদ্ধান্তটি ভুল ছিল। তার ভাষায়, পরিপক্বতা না আসা পর্যন্ত এমন সিদ্ধান্ত না নেওয়াই ভালো।

ভবিষ্যতে আবার বিয়ে করবেন কি না—এ প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেননি অপু বিশ্বাস। তিনি জানান, বর্তমানে এ বিষয়ে কিছু বলার মতো অবস্থায় নেই। একই সঙ্গে ট্রল ও সমালোচনা প্রসঙ্গে বলেন, এসব তাকে খুব একটা প্রভাবিত করে না; বরং বেশিরভাগ সময় তিনি এড়িয়ে যান এবং কখনো কখনো উপভোগও করেন।

বিজ্ঞাপন

ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে জানা যায়, ২০০৮ সালের ১৮ এপ্রিল ঢালিউড সুপারস্টার শাকিব খান-কে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালে তা প্রকাশ্যে আসে। পরে ২০১৮ সালের ১২ মার্চ তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। তাদের একটি পুত্রসন্তান রয়েছে।

সাক্ষাৎকারে শুটিং ফ্লোরের অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। আগের সময়ের কথা উল্লেখ করে বলেন, তখন তিনি অনেক বেশি আবেগপ্রবণ ছিলেন এবং ক্যামেরার সামনে কী বলছেন বা করছেন—সে বিষয়ে ততটা সচেতন ছিলেন না। এখন বিষয়গুলো অনেক বেশি বুঝে-শুনে করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গেল ঈদুল ফিতর-এ তার অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা প্রেক্ষাগৃহে আসেনি। তবে আসন্ন ঈদুল আজহা-কে ঘিরে ‘সিক্রেট’ নামে নতুন একটি সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD