ঈদে আইস্ক্রিনসহ বিভিন্ন প্ল্যাটফর্মে থাকছে বড় আয়োজন

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলোতে তৈরি হয়েছে সিনেমার বড় আয়োজন। প্রেক্ষাগৃহে আলোচিত একাধিক সিনেমা এবার একের পর এক অনলাইনে মুক্তি পাচ্ছে, যা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
বিজ্ঞাপন
বিশেষ করে আইস্ক্রিন এবার ঈদে বড় লাইনআপ নিয়ে এসেছে। প্ল্যাটফর্মটি জানিয়েছে, ঈদের সময় মোট ছয়টি জনপ্রিয় সিনেমা মুক্তি পাবে তাদের প্ল্যাটফর্মে। এর মধ্যে শাকিব খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘বরবাদ’ ৭ জুন থেকে দেখা যাবে।
আইস্ক্রিনে ঈদ কনটেন্ট হিসেবে আরও থাকছে ২৭ মে ‘রাক্ষস’, ২৮ মে ‘শান’, ২৯ মে ‘জংলি’ এবং ৩০ মে ‘পায়ের তলায় মাটি নাই’। বড় পর্দায় আলোচনার পর এবার এসব সিনেমা দর্শকরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন।
অন্যদিকে অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মেও থাকছে বিশেষ আয়োজন। হইচই-এ দেখা যাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’, আর চরকিতে মুক্তি পেয়েছে আলোচিত সিনেমা ‘দম’। এতে অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরি।
বিজ্ঞাপন
নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স’ মুক্তি পাচ্ছে, যেখানে তার বিপরীতে রয়েছেন তাসনিয়া ফারিন ও জ্যোতির্ময়ী কুণ্ডু।
এছাড়া বঙ্গ-তে মুক্তি পাচ্ছে রোমান্টিক ওয়েব ফিল্ম ‘তাজমহল’, পাশাপাশি ঈদের চতুর্থ দিন থেকে দেখা যাবে আরও একটি ওয়েব ফিল্ম ‘মুখোশ মুখো’।
সব মিলিয়ে ঈদকে ঘিরে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে বিনোদনের বড় উৎসব অপেক্ষা করছে দর্শকদের জন্য।








