Logo

মুক্তির পরই কঠোর সমালোচনার মুখে ‘মোয়ানা’ রিমেক

profile picture
বিনোদন ডেস্ক
১০ জুলাই, ২০২৬, ১৬:৪৪
মুক্তির পরই কঠোর সমালোচনার মুখে ‘মোয়ানা’ রিমেক
ছবি: সংগৃহীত

ডিজনির জনপ্রিয় অ্যানিমেটেড চলচ্চিত্র ‘মোয়ানা’-র মুক্তির এক দশক পর একই গল্প নিয়ে নির্মিত লাইভ-অ্যাকশন সংস্করণটি দর্শক ও সমালোচকদের একাংশের কাছ থেকে কঠোর সমালোচনার মুখে পড়েছে। সমালোচকদের মতে, নতুন এই সংস্করণে মৌলিকত্বের ঘাটতি রয়েছে এবং এটি মূল চলচ্চিত্রের প্রাণবন্ত উপস্থাপনাকে ছুঁতেও পারেনি।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের ভাষ্য, ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত অ্যানিমেটেড ‘মোয়ানা’ দর্শকদের যে আবেগ, রঙিন উপস্থাপনা ও অনন্য অভিজ্ঞতা উপহার দিয়েছিল, নতুন সংস্করণে তার উল্লেখযোগ্য কোনো উন্নয়ন বা নতুনত্ব দেখা যায়নি। বরং এটি মূল চলচ্চিত্রের দৃশ্য ও কাহিনিকে প্রায় একইভাবে পুনরাবৃত্তি করেছে, ফলে অনেকের কাছে এটি অপ্রয়োজনীয় পুনর্নির্মাণ বলেই মনে হয়েছে।

চলচ্চিত্রটির কাহিনিতে পলিনেশীয় এক প্রধানের কন্যা সমুদ্রের আহ্বানে একটি রহস্যময় নিদর্শন উদ্ধারে অভিযানে বের হয়। আগের চলচ্চিত্রে এই চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন আউলিই ক্রাভালহো, আর নতুন লাইভ-অ্যাকশন সংস্করণে অভিনয় করেছেন ক্যাথরিন লাগা'আইয়া। অপরদিকে, অর্ধদেবতা মাউই চরিত্রে আবারও দেখা গেছে ডোয়েন জনসনকে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সমালোচকদের দাবি, নতুন সংস্করণটি মূল ছবির আবেগ, প্রাণচাঞ্চল্য কিংবা ভিজ্যুয়াল আবেদন ধরে রাখতে পারেনি। বরং একই গল্পকে নতুন আঙ্গিকে উপস্থাপনের পরিবর্তে প্রায় হুবহু পুনরাবৃত্তি করায় দর্শকদের জন্য নতুন কোনো অভিজ্ঞতা তৈরি হয়নি।

বিজ্ঞাপন

তবে প্রধান অভিনেত্রী ক্যাথরিন লাগা'আইয়ার অভিনয়কে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন অনেকেই। তাদের মতে, তিনি নিজের ভূমিকায় আন্তরিক ছিলেন এবং চরিত্রটিকে যথাসাধ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সমালোচনার মূল লক্ষ্য নির্মাণশৈলী ও চিত্রনাট্য, অভিনয় নয়।

ডিজনির ধারাবাহিক লাইভ-অ্যাকশন রিমেক নির্মাণের নীতিও আবারও প্রশ্নের মুখে পড়েছে। সমালোচকদের অভিযোগ, প্রতিষ্ঠানটি পুরোনো সফল অ্যানিমেশনগুলোকে নতুন করে নির্মাণের মাধ্যমে নস্টালজিয়াকে পুঁজি করছে, কিন্তু সৃজনশীল নতুনত্বের ঘাটতি থেকে যাচ্ছে। বিশেষ করে মাত্র ১০ বছর আগে মুক্তি পাওয়া একটি জনপ্রিয় চলচ্চিত্রকে প্রায় একই রূপে আবার উপস্থাপনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এছাড়া মূল চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘How Far I'll Go’-কে অনেকেই ডিজনির অন্যতম সেরা সংগীত হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, এই গান আজও দর্শকদের মনে বিশেষ জায়গা দখল করে আছে এবং নতুন সংস্করণ সেটির আবেগ বা আবেদনকে নতুন মাত্রা দিতে পারেনি।

বিজ্ঞাপন

সমালোচকদের আরও বক্তব্য, ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত অ্যানিমেটেড ‘Moana 2’ বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। এমন সাফল্যের পরও একই গল্পের আরেকটি লাইভ-অ্যাকশন সংস্করণ নির্মাণকে তারা মূলত বাণিজ্যিক উদ্যোগ হিসেবেই দেখছেন।

সব মিলিয়ে চলচ্চিত্র বিশ্লেষকদের একটি বড় অংশের মত, নতুন ‘মোয়ানা’ দর্শকদের জন্য উল্লেখযোগ্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসতে ব্যর্থ হয়েছে। তাদের মতে, যারা মূল অ্যানিমেটেড সংস্করণটি পছন্দ করেছিলেন, তারা নতুন ছবিতে তেমন কোনো অতিরিক্ত মূল্য বা সৃজনশীল সংযোজন খুঁজে পাবেন না।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD