টিকাবঞ্চিত শিশুদের তথ্য নিয়ে বিভ্রান্তি, সতর্ক করলো ইউনিসেফ

বাংলাদেশে টিকাবঞ্চিত শিশুদের সংখ্যা নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনের কারণে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ, যা বিশ্বজুড়ে শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও সামগ্রিক কল্যাণ উন্নয়নে কাজ করে।
বিজ্ঞাপন
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব তথ্য বর্তমানে নতুন হিসেবে উপস্থাপন করা হচ্ছে, তার অনেকগুলোই আসলে এক বছর আগের একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে নেওয়া। ফলে এসব তথ্য বর্তমান বাস্তব পরিস্থিতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় এবং তা ভুল ধারণার জন্ম দিতে পারে।
মঙ্গলবার (৩১ মার্চ) প্রকাশিত এক বার্তায় ইউনিসেফ উল্লেখ করেছে, বাংলাদেশে শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। এ খাতে অগ্রগতি ধরে রাখতে সরকার ও বিভিন্ন অংশীদারের সঙ্গে সমন্বয় করে কাজ করছে সংস্থাটি।
বিজ্ঞাপন
বার্তায় আরও বলা হয়, প্রতিটি শিশুকে জীবনরক্ষাকারী টিকার আওতায় আনা ইউনিসেফের অন্যতম প্রধান লক্ষ্য। এজন্য দেশের টিকাদান কার্যক্রমকে আরও শক্তিশালী করার উদ্যোগ অব্যাহত রয়েছে।
একইসঙ্গে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সংবাদ প্রকাশের আগে তথ্যের উৎস ও সময়কাল যাচাই করার আহ্বান জানিয়েছে ইউনিসেফ, যাতে করে বিভ্রান্তিকর তথ্য প্রচার এড়ানো সম্ভব হয়।








