হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৭৭৩

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৭৩ শিশু। শনিবার (১৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হিসাব অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে মারা যাওয়া চার শিশুর মধ্যে একজন ঢাকার এবং বাকি তিনজন সিলেটের বাসিন্দা। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৪ জনে। এদের মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে এক লাখ ১৬ হাজার ৭১০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৩১৮ শিশু।
এদিকে, হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯৯ হাজার ২৪৯ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৫ হাজার ৫২৯ শিশু।
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় ৬৪৯ শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আর ৪৯৮ শিশু সুস্থ হয়েছে।
গত ১৫ মার্চ থেকে দেশে ৪ হাজার ৬৯৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।








