Logo

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই, ২০২৬, ১৬:৩৯
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে হামের সংক্রমণ এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০৮ জন শিশুর শরীরে হাম কিংবা এর উপসর্গ শনাক্ত হয়েছে, যা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৫ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৭৯৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৮২৮ জনের মৃত্যু হলো। এর মধ্যে হাম নিশ্চিত হয়ে ৯৫ জন এবং হামের উপসর্গে ৭৩৩ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশে মোট ১ লাখ ২৫ হাজার ৫৫২ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে। একই সময়ে পরীক্ষাগারে হাম আক্রান্ত হিসেবে নিশ্চিত করা হয়েছে ১৫ হাজার ৬৫৬ জনকে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চলতি প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত ১ লাখের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অবশ্য চিকিৎসাসেবা নিয়ে তাদের অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

হামের সংক্রমণ নিয়ন্ত্রণ এবং অকালমৃত্যুর ঝুঁকি কমাতে শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী সব টিকা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে কোনো শিশুর শরীরে হামের লক্ষণ বা উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ চিকিৎসক কিংবা হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানিয়েছে সংস্থাটি। বিশেষজ্ঞদের মতে, সময়মতো টিকা গ্রহণ এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা গেলে হামজনিত জটিলতা ও মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD