ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩০

গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৭৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ডেঙ্গুতে মারা যাওয়া দুজনই খুলনা বিভাগের বাসিন্দা। অন্যদিকে, একই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ১২৩ জন, বরিশাল বিভাগে ১০৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন এবং রংপুর বিভাগে ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞাপন
সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৩০ জন মারা গেছেন।
এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ১৫ জন, বরিশাল বিভাগে আটজন, ময়মনসিংহ বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন এবং রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে একজন করে মোট তিনজন ডেঙ্গুতে মারা গেছেন।





