Logo

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট, ২০২৬, ১৮:১০
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৮৩৯ জন ভর্তি হয়েছেন। চলতি বছরে এক দিনে এটিই ডেঙ্গু রোগী ভর্তির সর্বোচ্চ সংখ্যা। এর আগে গত ১৬ আগস্ট এক দিনে সর্বোচ্চ ৮০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন পাঁচজনের মৃত্যু নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই ২৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৩৯ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯২৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৭৯৬ জন ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে মোট ২৬ হাজার ৮৯৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ২৮৭ জন। এ ছাড়া খুলনা বিভাগে ১৫৯ জন, বরিশালে ১১৭, চট্টগ্রামে ১০০, ময়মনসিংহে ৭৯ এবং রাজশাহীতে ৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD