Logo

স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগ দিবে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট, ২০২৬, ১৮:০৫
স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগ দিবে সরকার
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটাতে দেশের বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে ১৩ থেকে ১৬তম গ্রেডের শূন্য পদগুলো পূরণের প্রক্রিয়া শুরু করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি অধিদপ্তরের আওতাধীন পরিচালক, সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং সংশ্লিষ্ট উপপরিচালক ও সহকারী পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত এবং সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে স্বাস্থ্য খাতের জনবল ঘাটতি পূরণে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে নিয়োগ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১৮ অনুযায়ী পদোন্নতি ও সরাসরি নিয়োগের মাধ্যমে ১৩ থেকে ১৬তম গ্রেডের সব শূন্য পদ পূরণের ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় ছাড়পত্র সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন নেওয়া হলেও প্রক্রিয়া শেষ করা যায়নি, সেসব প্রতিষ্ঠানে নতুন করে শূন্য পদের ছাড়পত্র নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে। আগের আবেদনগুলোর সঙ্গে সমন্বয় করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

কোনো প্রতিষ্ঠানে নিয়োগসংক্রান্ত মামলা বা প্রশাসনিক জটিলতা থাকলে দ্রুত তা নিষ্পত্তির উদ্যোগ নিতে বলা হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা নিয়োগ কার্যক্রমও সচল করার পরিকল্পনা রয়েছে।

চিঠিতে প্রধান সহকারী পদ নিয়েও একটি জটিলতার কথা উল্লেখ করা হয়েছে। নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা-১৯৮৫ অনুযায়ী কিছু বিভাগীয় কার্যালয় ও সিভিল সার্জনের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে প্রধান সহকারী পদ ১৩তম গ্রেডে থাকলেও ২০১৮ সালের বিধিমালায় পদটি ১৪তম গ্রেডে অন্তর্ভুক্ত হয়েছে। এতে পদোন্নতিতে জটিলতা তৈরি হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ অবস্থায় ১৪তম গ্রেডে কর্মরত প্রধান সহকারী, উচ্চমান সহকারী বা সমমানের পদধারীদের ১৩তম গ্রেডের শূন্য পদে নিজ বেতনে অথবা চলতি দায়িত্বে পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নিয়োগ কার্যক্রমের অগ্রগতিও নিয়মিত পর্যবেক্ষণ করবে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের নিয়োগসংক্রান্ত তথ্য নির্ধারিত ছকে প্রতি মাসের ৫ তারিখের মধ্যে প্রশাসন শাখায় পাঠাতে হবে। এসব তথ্য হার্ডকপির পাশাপাশি ই-মেইলেও পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD